স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ
খুলনায় স্ত্রীকে হত্যা করে আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী মনির হাওলাদার (৩৫)। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা নগরের মহেশ্বরপাশা এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে।
নিহত রহিমা বেগম (২৫) মহেশ্বরপাশা মুন্সিপাড়া এলাকার আবদুল ওহাবের মেয়ে। রহিমা বেগম ও মনির হাওলাদার বউবাজার এলাকায় মান্নান ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকতেন। তবে কী কারণে স্ত্রীকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।
নগরের দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ বলেন, বেলা দুইটার দিকে রহিমা বেগমকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন স্বামী মনির হাওলাদার। এরপর দরজায় তালা মেরে মহানগর হাকিম আমিরুল ইসলামের আদালতে গিয়ে মনির খুনের কথা স্বীকার করেন। আদালত দৌলতপুর থানার পুলিশের কাছে মনিরকে হস্তান্তরের নির্দেশ দেন। এরপরেই হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ জানতে পারে।
মারুফ আহম্মেদ আরও জানান, রহিমা বেগমের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রহিমার বাবা আবদুল ওহাব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় মনিরকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।
প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার: গতকাল সকালে নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইলের একটি লিচুগাছ থেকে আহাদুল ইসলাম (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নড়াইল পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন।
আহাদুলের বাবা হেদায়েত শেখ জানান, তাঁর ছেলে প্রতিবেশী এক কিশোরীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন। গত বুধবার রাতে আহাদুল পাশের বাড়িতে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ক্রিকেট খেলা দেখতে যান। পরে রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে আহাদুলকে ডেকে নিয়ে যাওয়া হয়। রাত তিনটার দিকে তিনি জানতে পারেন, লিচুগাছে আহাদুলের লাশ ঝুলছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, আহাদুলকে হত্যা করা হয়েছে, নাকি আত্মহত্যা করেছেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল বের করেন।