স্ত্রীকে হত্যা করে পালানোর সময় স্বামী গ্রেপ্তার
গাজীপুরে স্ত্রীকে হত্যা করে পালানোর সময় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বেঙ্গলের মাঠ বস্তিতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মৌসুমী আক্তার (২৫)। তিনি পঞ্চগড় সদরের আমলাহার এলাকার মনজুর হকের মেয়ে। তাঁর স্বামীর নাম আনিসুর রহমান। তাঁর বাড়ি দিনাজপুরের ফুলবাড়ীর উত্তর কৃষ্ণপুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। গতকাল সকালে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আনিসুর ধারালো বঁটি দিয়ে কুপিয়ে মৌসুমীকে হত্যা করেন। এরপর লাশ কাপড় দিয়ে ঢেকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন আনিস। পরে এলাকাবাসীকে স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানান এবং দাফন-কাফনের জন্য লোকজনের কাছ থেকে টাকা তোলেন। এরই মধ্যে বাড়ির লোকজন ঘরে ঢুকে মৌসুমীর রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেন। বেলা ১১টার দিকে বস্তিতে যায় পুলিশ। এ সময় আনিসুর টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।