স্ত্রীকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্ত্রীকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করার অভিযোগে স্বামী মঈন উদ্দিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। স্ত্রীর নাম সুমাইয়া আক্তার। তিনি অভিযুক্ত কুলাউড়ার চুনঘর গ্রামের মঈন উদ্দিনের (৪২) স্ত্রী। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি মঈনের ছোট ভাই আইন উদ্দিন (২৭)। এ ঘটনায় সুমাইয়ার ভাই লাকি মিয়া বাদী হয়ে মঈন, তাঁর ভাই আইনসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে চুনঘর গ্রামের মঈনের সঙ্গে কুলাউড়া উপজেলার উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বকস আলীর মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। সোনিয়া নামে তাঁদের দেড় বছরের এক মেয়ে আছে। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে কয়েকজন প্রতিবেশী দেখেন মঈনের বাড়ির পুকুরের পাড়ে বসে তাঁদের মেয়ে কান্নাকাটি করছে। তাঁরা কাছে গিয়ে দেখেন, মঈন পুকুরের মাঝখানে কিছু লুকানোর চেষ্টা করছেন। বাড়িতে খোঁজ করে সুমাইয়াকে না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। সকাল ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মঈনকে পুকুর থেকে ডেকে আনেন। এ সময় পুকুরে সুমাইয়ার লাশ পাওয়া যায়। পরে মঈন ও আইনকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সুমাইয়াকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।

কুলাউড়া থানার এসআই নূর হোসেন জানান, মঈন তাঁর স্ত্রীর লাশ পা দিয়ে পুকুরের কাদায় লুকানোর চেষ্টা চালান। ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।