স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রীর নাম মালতী রাণী সরকার (৪৫)। তাঁর স্বামীর নাম বিমল কুমার সরকার (৫০)। তাঁদের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে বিদেশ সরকারের ভাষ্য, আজ ভোর পাঁচটার দিকে মা-বাবার মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে মাকে পিটিয়ে এবং বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা করেন বাবা। পরে বাবা ঘরে রাখা কীটনাশক পান করেন। তখন বিদেশ প্রতিবেশীদের ব্যাপারটি জানায়। প্রতিবেশীদের সহায়তায় বিমলকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখের ভাষ্য, মালতীর শরীরের একাধিক জায়গায় আঘাত এবং মাথায় বল্লমের খোঁচার চিহ্ন রয়েছে। বিমলের মুখে কীটনাশকের গন্ধ রয়েছে। ময়নাতদন্তের জন্য বিমল ও মালতীর লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।