স্ত্রীকে হত্যা, পরে আত্মহত্যা স্বামীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার পর তাঁর স্বামী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাছপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মিতু আক্তারকে (৩৫) কুপিয়ে হত্যার পর মাদকাসক্ত স্বামী পরিবহনশ্রমিক মোশারফ হোসেন (৩৮) আত্মহত্যা করেন।

মিতু আক্তার বরিশালের চরমোনাই এলাকার কাসেম সরদারের মেয়ে। নিহত মোশারফ হোসেন জালকুড়ি মাছপাড়া এলাকার আহসান উল্লাহ্ সরদারের ছেলে। তিনি বাসচালকের সহকারী ছিলেন।

মোশারফ হোসেনের বড় ভাই নূর সালামসহ পরিবারের কয়েকজন জানান, ১৬ বছর আগে মোশারফের সঙ্গে মিতু আক্তারের বিয়ে হয়। অষ্টম ও চতুর্থ শ্রেণিতে পড়া দুটি ছেলেমেয়ে আছে এ দম্পতির। মোশারফ দীর্ঘ দিন যাবৎ ইয়াবা সেবন করতেন। তাঁর মাদকসেবন নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই পারিবারিক কলহ হতো। আজ মঙ্গলবার ভোরে মোশারফের বড় ছেলে নামাজ শেষ করে বাড়িতে আসার পর দেখেন মোশারফ বঁটিতে ধার দিচ্ছেন। ছেলেকে দেখে মোশারফ লাথি দিয়ে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। ছোট মেয়ে মুন্নী ও তার মা একই রুমে ঘুমিয়ে ছিলেন। মোশারফ তাঁর স্ত্রীকে দরজা খোলার জন্য বলেন। ডাকাডাকির পর মিতু আক্তার দরজা না খুলে দিয়ে খাটের নিচে লুকিয়ে পড়েন। দরজা লাগিয়ে দিয়ে স্ত্রীকে খাটের নিচ থেকে বের করে এনে ধারালো বঁটি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন মোশারফ। এ সময় মেয়ে মুন্নীর চিৎকারে বাড়ির পাশে বড় চাচা নূর সালাম ও লোকজন বের হয়ে আসেন। তাঁরা দরজা খোলার জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে মোশারফ ঘরের দরজা ও জানালায় বিদ্যুতের তার জড়িয়ে দেন। পরে মেয়ে মুন্নীকে বাথরুমের ভেনটিলেটর দিয়ে বাইরে বের করে দেন।

নূর সালাম আরও বলেন, মোশারফ মাদকাসক্ত ছিলেন। প্রায়ই তাঁদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হতো। এখন সন্তান দুটি একেবারে এতিম হয়ে গেল।

খবর পেয়ে জেলার পুলিশ সুপার মঈনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মিতু আক্তারকে কুপিয়ে হত্যার পর স্বামী মোশারফ হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।