স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
জয়পুরহাটের সদর উপজেলার কোমরগ্রামে বেনুয়ারা বেগম নামের এক গৃহবধূকে গত রোববার গভীর রাতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় গতকাল সোমবার মামলা হয়েছে। মামলার আসামি গৃহবধূর স্বামী রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, রেজাউল (৪০) গত রোববার দিবাগত রাতে নিজ শয়নকক্ষে তাঁর স্ত্রী বেনুয়ারাকে (৩৫) বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশটি বাড়ির বাইরের একটি খড়ের গাদার পাশে রেখে দেন। সেখান থেকে গতকাল সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।
পরে ময়নাতদন্তের জন্য লাশটি জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। লাশ উদ্ধারের সময় রেজাউল বাড়িতেই ছিলেন। তখন তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান বলেন, বালিশ চাপা দিয়ে বেনুয়ারাকে হত্যা করে লাশ বাড়ির বাইরে নিয়ে যাওয়ার প্রত্যক্ষদর্শী এ দম্পতির সাত বছরের ছেলে রাহুল। সে পুলিশের কাছে এ হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় রেজাউলকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।