স্ত্রীকে হত্যার অভিযোগ, লাশ হাসপাতালে রেখে পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিয়ের অনুমতি না মেলায় ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় গতকাল বুধবার স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর হাসপাতালে লাশ রেখে পালিয়েছেন স্বামী।

নিহত গৃহবধূর নাম লাবণী আক্তার (৩০)। তিনি পশ্চিম আলীপুর এলাকার সাজ্জাদ হোসেনের (৩৮) স্ত্রী। তিনি পেশায় ইজিবাইকের চালক।

লাবণী আক্তারের মামি আফরোজা বেগম বলেন, বিয়ের পর থেকেই সাজ্জাদ যৌতুকসহ নানা কারণে লাবণীকে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেয়ে বাবার বাড়ি থেকে কয়েকবার টাকা এনে দেন লাবণী। কিছুদিন ধরে সাজ্জাদ দ্বিতীয় বিয়ের অনুমতি চেয়ে না পেয়ে আবার নির্যাতন শুরু করেন। এ নিয়ে কলহের জের ধরে গতকাল সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে লাবণীর পেটে আঘাত করেন সাজ্জাদ। আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাবণীকে মৃত ঘোষণা করেন। এরপর সেখান থেকে পালিয়ে যান সাজ্জাদ।

হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, লাবণীর পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পেট ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের একাধিক দল সাজ্জাদকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।