স্ত্রীকে হত্যার অভিযোগে পুলিশ সদস্য আটক
চুয়াডাঙ্গা শহরে শ্বশুরবাড়িতে গত শুক্রবার রাতে সীমা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁকে রড দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী নিহত ব্যক্তির স্বামী পুলিশ সদস্য সুমনুর রহমান ওরফে সুমনকে আটক করে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
সীমা (২৫) সদর উপজেলার জালশুকা গ্রামের শহীদুল ইসলামের বড় মেয়ে। সুমনের (৩০) বাড়ি শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ায়। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাদবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত। সুমন ও সীমা দম্পতির দুটি ছেলে আছে। তারা হলো মৃদুল (৭) ও রাব্বি (৫)। ওই ঘটনার সময় দুই ভাই ঘরে ঘুমিয়ে ছিল।
এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট চাচা কামাল হোসেন বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে সদর থানায় সুমন ও তাঁর বাবা ফজলুল হক, বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, পারিবারিক কলহের জেরে সীমাকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সীমার বড় চাচা আবদুল গণি বলেন, সীমা ও সুমনের বিয়ে হয় ২০০৫ সালে। বিয়ের পর থেকে নানা সময় যৌতুক দাবি করে সীমার ওপর নির্যাতন চালানো হতো। পুলিশে চাকরি করলেও সুমন মাদকাসক্ত। গত বৃহস্পতিবার ছুটিতে বাড়িতে এসে সীমাকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে। টাকা আনতে অস্বীকার করায় সীমাকে নির্যাতন করা হয়। গত শুক্রবার রাতে নির্যাতন শেষে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়। সীমার সারা শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে রড দিয়ে পেটানো হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে সীমার মৃত্যু হলেও তাঁর বাবার বাড়িতে খবর দেওয়া হয়নি। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তাঁরা চুয়াডাঙ্গা আসেন এবং ঘরের বারান্দায় লাশ দেখতে পান।
সদর থানার উপপরিদর্শক (এসআই) পিয়ার উদ্দিন সীমার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সীমার ডান পায়ের পাতা ও গিরার ওপর আঘাতের বেশ কয়েকটি চিহ্ন আছে।
সুমনের বাবা ফজলুল হকের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে তিনি বলেন, ‘শুক্রবার রাতে বউমার মৃত্যু হয়েছে। তবে কী কারণে ও কীভাবে হয়েছে, তা বলতে পারব না।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।