স্ত্রীকে হত্যার অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল কাওসার শেখকে (৪০) খুলনার কয়রা উপজেলার খলিশাখালী গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাওসারের মুঠোফোন ট্র্যাকিং করে গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করে বাগেরহাট মডেল থানার পুলিশ।
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বেমরতা গ্রামে ১২ নভেম্বর রাতে কাওসারের স্ত্রী মিনা বেগম (৩৪) খুন হন। পরে অভিযোগ ওঠে, মিনাকে কাওসার বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। ঘটনার পর থেকে কাওসার পলাতক ছিলেন। এ ঘটনায় নিহত মিনার ভাই মো. কামরুজ্জামান ১৩ নভেম্বর কাওসারের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
কাওসার বেমরতা গ্রামের এন্তাজ উদ্দিন শেখের ছেলে। তিনি গোপালগঞ্জ পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বলেন, ঘটনার পর কাওসার আত্মগোপন করেন। তিনি গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করেন। পুলিশ গত আট দিনে বিভিন্ন সময়ে মুঠোফোন ট্র্যাকিং করে খুলনা, যশোর, ঢাকাসহ বিভিন্ন স্থানে তাঁর অবস্থান শনাক্ত করে। এরপর থেকে পুলিশের একাধিক দল তাঁকে ধরতে অভিযান শুরু করে। গতকাল দুপুরে তাঁকে খলিশাখালী থেকে গ্রেপ্তার করা হয়। কয়রায় চাকরি করার সুবাদে সেখানে তাঁর একটি পরিচিত মহল রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার পুলিশের কাছে স্ত্রীকে গলায় ফাঁস ও বালিশ চাপা দিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।