স্ত্রীকে হত্যার চেষ্টা স্বামীকে পুলিশে দিল এলাকাবাসী
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুকের জন্য খালেদা বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. ইয়াছিনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
খালেদার পরিবারের সদস্যরা জানান, বিয়ের সময় খালেদার পরিবার ইয়াছিনকে একটি সিএনজিচালিত অটোরিকশা যৌতুক হিসেবে দেয়। কিন্তু আরও যৌতুকের জন্য ইয়াছিন স্ত্রীকে নির্যাতন করতেন। গতকাল সকালে যৌতুক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। দুপুরের খাবারের পর স্ত্রী ঘুমিয়ে পড়লে ইয়াছিন ধারালো ছুরি দিয়ে তাঁকে গলা কেটে হত্যা করার চেষ্টা করেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি ক্লিনিকে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খালেদা বেগমের মা শামসুন্নাহার জানান, মেয়ের মুখের দিকে তাকিয়ে নগদ টাকাসহ বিভিন্ন পণ্য তাঁরা যৌতুক হিসেবে জামাইকে দিতেন। তারপরও গতকাল বিকেলে মেয়েকে জবাই করে হত্যা করতে চেয়েছিল ইয়াছিন।
শামসুন্নাহার জানান, ছদাহা ইউনিয়নের ফজুরপাড়ার মো. ইয়াছিনের সঙ্গে আড়াই বছর আগে খালেদা বেগমের বিয়ে হয়। খালেদার বাবা সৌদিপ্রবাসী আশরাফ মিয়া। তাঁর বাড়ি একই ইউনিয়নের মহাজনপাড়ায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, পুলিশকে মৌখিকভাবে ঘটনাটি জানানো হয়েছে। স্থানীয় লোকজন মো. ইয়াছিনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।