স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী

ঢাকার সাভারের আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। গত রোববার রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই স্ত্রীর নাম সামসুন্নাহার আর আত্মসমর্পণকারী তাঁর স্বামী হলেন জামিল হোসেন।
আশুলিয়া থানা-পুলিশ জানায়, জামালপুরের মেলান্দহের জামিল হোসেন তাঁর স্ত্রী সামসুন্নাহারকে নিয়ে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় থাকতেন। তিনি স্থানীয় একটি কারখানার সুপারভাইজার ছিলেন। পারিবারিক কলহের জের ধরে গত রোববার রাতে তিনি সামসুন্নাহারকে গলা টিপে হত্যা করেন। এরপর থানায় এসে আত্মসমর্পণ করেন জামিল হোসেন। এ ঘটনায় নিহত সামসুন্নাহারের বাবার বাড়ির পক্ষ থেকে জামিলের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জের ধরে রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জামিল তাঁর স্ত্রীকে গলা টিপে হত্যা করেন। এরপর স্ত্রীর লাশ ঘরে রেখে রাতেই তিনি আশুলিয়া থানায় যান। থানায় হাজির হয়ে তিনি স্ত্রী হত্যার বর্ণনা দিয়ে তাঁকে গ্রেপ্তারের অনুরোধ জানান। এ অবস্থায় তাঁকে আটক করে ঘটনাস্থলে গিয়ে সামসুন্নাহারের লাশ উদ্ধার করা হয়।
জামিলকে স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে পুলিশ।