স্ত্রীকে হত্যার পর ভায়রাকে ফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনার শালিকে মেরে ফেলেছি, এসে লাশ নিয়ে যান।’ স্ত্রীকে হত্যার পর ভায়রাকে ফোন করে এভাবেই খবরটি দেন ক্ষুদ্র ব্যবসায়ী মাইনউদ্দিন শেখ। নিহত গৃহবধূর নাম শিউলি বেগম (৩০)।
গত বুধবার গভীর রাতে পুলিশ খিলক্ষেতের ভাড়া বাসা থেকে শিউলির হাত-পা ও গলাবাঁধা লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও নিহত শিউলির পরিবারের ভাষ্য, যৌতুক না দেওয়ায় মাইনউদ্দিন তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে।
শিউলি বেগম সপরিবারে খিলক্ষেতের ব্যাপারীপাড়ায় থাকতেন। তাঁর স্বামী মাইনউদ্দিন শেখ খিলক্ষেত পদচারী সেতুর নিচে গরুর ভুঁড়ি রান্না করে বিক্রি করেন। তাঁদের দুই ছেলে রয়েছে।
শিউলির ভগ্নিপতি জামাল সরদার গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বুধবার রাত নয়টার দিকে মাইনউদ্দিন তাঁকে ফোন করে বলেন, ‘আপনার শালিকে মেরে ফেলেছি, লাশ নিয়ে যান।’ জামাল সরদার বলেন, ‘প্রথমে বিষয়টি আমলে না নিয়ে হাসি-ঠাট্টা রাখ বলে লাইন কেটে দিই। পরে মাইনউদ্দিন রাত ১১টার দিকে আবার ফোন করে একই কথা জানায়। সে বলে, আমি বাসায় তালা মাইরা চলে যাচ্ছি।’ জামাল জানান, পরে নারায়ণগঞ্জ থেকে রাত পৌনে তিনটায় তাঁরা খিলক্ষেতে যান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, বাসার তালা ভেঙে শিউলির লাশ উদ্ধার করা হয়। লাশটির গলায় চার-পাঁচটি গিঁট লাগানো এবং দুই হাত বাঁধা অবস্থায় খাটের ওপর পড়ে ছিল। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার দিকে শিউলিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ওসি বলেন, গতকাল দুপুরে মাইনউদ্দিন তাঁকে ফোন করে জানান, তিনি তাঁর স্ত্রীকে হত্যা করেছেন। মাইনউদ্দিনকে থানায় আসতে বলা হলে তিনি তাঁর দুই ছেলেকে নানির কাছে দিয়ে থানায় আসবেন বলে জানান। মাইনউদ্দিনকে গ্রেপ্তারে পুলিশ তৎপর আছে বলে ওসি জানান।
শিউলির স্বজনেরা বলেন, মাইনউদ্দিন যৌতুকের জন্য শিউলিকে মারধর করতেন। মেয়ের সুখ-শান্তির কথা ভেবে শিউলির গরিব মা অনেক কষ্ট করে মাইনউদ্দিনকে যৌতুক দিয়ে আসছিলেন। কিছুদিন আগেও ১০ হাজার টাকা দেওয়া হয়। আবারও যৌতুকের জন্য শিউলিকে চাপ দিতে থাকেন মাইনউদ্দিন।
শিউলির ভগ্নিপতি জামাল সরদার অভিযোগ করেন, যৌতুকের কারণে মাইনউদ্দিন তাঁর শালিকে হত্যা করেন।
খিলক্ষেত থানার পুলিশ জানায়, এ ঘটনায় মাইনউদ্দিনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। মাইনউদ্দিনের বাড়ি ভোলায়। শিউলির গ্রামের বাড়ি খুলনার বটিয়াঘাটায়।
গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ময়নাতদন্ত শেষে শিউলির লাশ নারায়ণগঞ্জে নেওয়া হয়। শিউলির লাশ তাঁর ভগ্নিপতি জামাল সরদারের বাড়ির কাছে দাফন করা হবে।