স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বিরিঞ্চি গ্রামে নিজ ঘরে স্বামী-স্ত্রীর মৃতদেহ পাওয়া গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূর নাম অমেলা বেগম ওরফে পাখি (২৩)। তাঁর স্বামীর নাম জালাল শেখ (৩৫)। জালাল শেখ ওই গ্রামের খাজা শেখের ছেলে এবং পেশায় একজন ব্যাটারিচালিত রিকশাভ্যানচালক।
পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও নিহত দুজনের পারিবার সূত্রে জানা গেছে, দেড় বছর আগে জালাল শেখের সঙ্গে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের তেঘড়া গ্রামের আবদুস সোবহানের মেয়ে অমেলা বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে ছয় মাসের একটি ছেলেসন্তান রয়েছে। দাম্পত্য জীবনে তাঁদের মধ্যে তেমন কলহ ছিল না। তবে গত শনিবার বিকেলে সাংসারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়।
গতকাল রোববার ভোরে ঘরের ভেতরে শিশুর কান্না শুনে জালালের মা-বাবা ও প্রতিবেশীরা দরজা খুলতে বলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও দরজা না খোলায় বাইরে থেকে দরজা ভেঙে মা-বাবা ও প্রতিবেশীরা দেখতে পান মেঝেতে অমেলা বেগমের লাশ পড়ে আছে। আর ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে জালাল শেখের লাশ। খবর পেয়ে পুলিশ গতকাল রোববার সকালে ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। শিশুটিকে তার দাদা-দাদির জিম্মায় রাখা হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা আবদুস সোবহান বাদী হয়ে জালাল শেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, অমেলা বেগমের গলার জখমে হাতের আঙুলের চিহ্ন রয়েছে। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর জালাল শেখ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এসব বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে নিহত জালাল শেখের বড় ভাই বেলাল মিয়া বলেন, ‘ঘরের ভেতরে রাতে কী হয়েছিল, আমরা জানি না।’