স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় স্ত্রী ও পাশে মুখে ফেনা অবস্থায় স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামী প্রথমে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন। এরপর নিজে বিষ পানে আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার ভোরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত স্ত্রীর নাম পলি আক্তার (২৮)। তাঁর স্বামী জামাল হোসেন (৩৫)। পলি পটুয়াখালীর মীর্জাগঞ্জ থানার ময়দশ্রীনগর এলাকার শাহজাহান শিকদারের মেয়ে। তিনি ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীর পোশাকশ্রমিক। জামাল একই থানার সুবিদখালীর সিদ্দিকুর রহমানের ছেলে। নারায়ণগঞ্জের চাষাঢ়ায় চা বিক্রি করতেন জামাল। কাজের সুবাদেই তাঁরা নারায়ণগঞ্জে থাকতেন।

নিহত পলির ভাই মাঈনুল ইসলাম বলেন, তাঁর বড় বোন পলির আগে একবার বিয়ে হয়েছিল। তবে সেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে জামালের সঙ্গে বিয়ে হয়। তাঁরা স্বামী-স্ত্রী নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকায় একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার রাতে নিজের কক্ষে পলিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় জামালের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে তাঁদের দুজনকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক পলিকে মৃত ঘোষণা করেন। এ সময় জামালকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা জামালকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর ধারণা, সোমবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে জামাল তাঁর স্ত্রী পলিকে ধারালো অস্ত্র দিয়ে কোপান। এ সময় লাঠি দিয়েও পলির মুখে আঘাত করেন। এতে পলির ৮ থেকে ১০ দাঁত ভেঙে যায়। আঘাতের কারণে পলির মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্বামী বিষপানে আত্মহত্যা করেন। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।