স্ত্রীকে হত্যার হুমকি পলাতক আসামির
নারায়ণগঞ্জে যৌতুকের মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি তাঁর স্ত্রীকে হত্যা ও একমাত্র সন্তানকে অপহরণের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আবু হানিফ মিয়া।
আবু হানিফের বাড়ি নেত্রকোনার খালিয়াজুড়ি থানার কৃষ্ণপুর গ্রামে। গতকাল শুক্রবার তাঁর স্ত্রী মাহেলা আক্তার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে ওই অভিযোগ করেন।
মাহেলা বেগম বলেন, ১১ বছর আগে আবু হানিফের সঙ্গে তাঁর বিয়ে হয়। গত বছর তিনি জানতে পারেন, হানিফ গোপনে আরেকটি বিয়ে করে নেত্রকোনার বাড়িতে উঠেছেন। এরপর তিনি নারায়ণগঞ্জ আদালতে মামলা করেন। ওই মামলায় হানিফ গত বছরের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার হন। চলতি বছরের ২৫ জানুয়ারি তিনি জামিনে ছাড়া পেয়ে তাঁর সঙ্গে বসবাস শুরু করেন। কিন্তু এক সপ্তাহ পর তাঁর জমানো ১০ হাজার টাকা চুরি করে পালিয়ে যান তিনি (হানিফ)। গত ২৫ মে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন আসামির অনুপস্থিতিতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় হানিফকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন।