স্ত্রীকে 'হত্যা করে' থানায় গেলেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় এসে হাজির হয়েছেন স্বামী। দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে। গতকাল শনিবার গুলশান এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ এ কথা জানিয়েছে।
স্বামীর বরাত দিয়ে পুলিশ জানায়, অন্যের সঙ্গে সম্পর্ক আছে—এমন সন্দেহ থেকে ওই ব্যক্তি স্ত্রীকে হত্যা করেছেন।
নিহত রানী বেগমের (৩৯) গ্রামের বাড়ি পটুয়াখালীতে। তিনি গুলশান-২–এর ৬৮ নম্বর সড়কে একজন ভারতীয় নাগরিকের বাসায় দীর্ঘদিন ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন। তাঁর স্বামী মিন্টু গাজী গাড়িচালকের কাজ করেন। তাঁর বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে।
রানী ও মিন্টুর এটি দ্বিতীয় বিয়ে। তাঁরা মহাখালীর একটি বাসায় ভাড়া থাকতেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, সকাল ৭টা ২০ মিনিটে মিন্টু বাইসাইকেলে করে স্ত্রীকে নিয়ে তাঁর (স্ত্রী) কর্মস্থলে যান। ওই সময় গৃহকর্তা ও তাঁর স্ত্রী প্রাতর্ভ্রমণে ছিলেন। সে সময় ঝগড়ার জের ধরে মিন্টু ওই বাসার রান্নাঘরে স্ত্রীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। ৮টা ১০ মিনিটে তিনি বাসা থেকে বেরিয়ে আসেন। এরপর বাইসাইকেল চালিয়ে থানায় আসেন।
সালাহউদ্দিন মিয়া বলেন, মিন্টুর সন্দেহ, রানীর সঙ্গে অন্য কারও সম্পর্ক আছে। এ নিয়ে শুক্রবার রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। গুলশানের ওই বাসায় যাওয়ার পরও দুজনের মধ্যে ঝগড়া হয়। তখন একপর্যায়ে উত্তেজিত হয়ে মিন্টু রান্নাঘরে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করেন। থানায় এসে বিষয়টি জানানোর পর পুলিশ ওই বাসায় গিয়ে রানীর লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, এই ঘটনায় রানীর আগের ঘরের ছেলে সুজন বাদী হয়ে মিন্টুকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন। মিন্টুকে রোববার আদালতে হাজির করা হবে।
রানীর ছেলে সুজন প্রথম আলোকে বলেন, তাঁর মা কাজ করে যে টাকা আয় করতেন, তা নিয়ে নেওয়ার জন্য মিন্টু অনবরত চাপ দিতেন। এ নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য দেখা দেয় ও সম্পর্ক খারাপ হয়। তার জের ধরেই তাঁর মাকে মিন্টু হত্যা করে থাকতে পারেন।