স্ত্রীদের ফেলে দুই সহোদর ভারতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেসন্তান না হওয়ায় স্ত্রীদের ফেলে বসতবাড়ি বিক্রি করে পরিবারের অন্য সদস্যদের নিয়ে গোপনে দুই সহোদরের দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২-এর আদালতে স্বামী, শ্বশুর, দেবরসহ আটজনের বিরুদ্ধে প্রতারণা এবং যৌতুক ও নারী নির্যাতন দমনের ধারায় মামলাটি করেছেন বগুড়ার সদর উপজেলার ধাওয়াকোলা গ্রামের রাজ্য চন্দ্র কর্মকারের স্ত্রী দিপালী রানী সরকার (২৮)।
আদালতের বিচারক মো. কামরুজ্জামান অভিযোগ তদন্ত করে ২৯ মের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, দিপালীর স্বামী রাজ্য চন্দ্র, রাজ্য চন্দ্রের ভাই ও তপতি রানীর স্বামী বাবলু চন্দ্র, শ্বশুর কালিপদ, শাশুড়ি কাঞ্চি রানী কর্মকার গোপনে ভারতে পাড়ি দিয়েছেন। সঙ্গে নিয়ে গেছেন দিপালীর দুই শিশুকন্যা রিংকি (৮) ও টুসু (৪), তপতি রানীর কন্যা পিংকিকে (৫)। ওই তিন শিশুই মহাস্থান ইকরা মডেল কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। মামলায় দিপালী আশঙ্কা প্রকাশ করেছেন, তিন শিশুকন্যাকে ভারতে নিয়ে বিক্রি করে দেওয়া হবে।
মামলা সূত্রে জানা গেছে, ধাওয়াকোলা গ্রামের দুই সহোদর রাজ্য চন্দ্র কর্মকার ও বাবলু চন্দ্র কর্মকার মহাস্থানগড় বন্দরে ক্ষুদ্র ব্যবসা করতেন। ২০০৫ সালে রাজ্য চন্দ্র দিপালীকে বিয়ে করেন। বিয়ের সময় তিন লাখ টাকা, আসবাব, স্বর্ণালংকার যৌতুক নিয়ে আসেন। কিন্তু আরও ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে দিপালীর ওপর নির্যাতন চালাতেন রাজ্য। যৌতুকের টাকা না পেয়ে এবং পরপর কন্যাসন্তান হওয়ায় সপরিবারে গোপনে ভারতে পাড়ি দেওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনামতো গত ২৫ ফেব্রুয়ারি গাবতলী উপজেলার কাগইল গ্রামে লীলাকীর্তন শোনার কথা বলে তিন নাতনিকে নিয়ে কৌশলে বাড়ি ছাড়েন শ্বশুর-শাশুড়ি। এক দিন পর দোকানের জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান রাজ্য চন্দ্র ও বাবলু চন্দ্র।
গতকাল দিপালী বগুড়া সদর থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, দেশান্তরী দুই ভাই শিলিগুড়ির রাঙাপানি এলাকার মলয় কর্মকারের বাড়িতে উঠেছেন। সেখান থেকে তাঁরা বাংলাদেশের এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগও করেছেন। রাজ্য চন্দ্র স্ত্রীকে মুঠোফোনে হুমকি দিয়ে বলেছেন, শিশুকন্যাদের তিনি ভারতে বিক্রি করে দেবেন।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনাটি জানার পরপরই তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে অন্য কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।