স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর বয়সে কয়লার চুলা উল্টে দগ্ধ হন মৌসুমী আরা বেগম। আগুনে তাঁর মুখ ও ডান হাত পুড়ে যায়। সব জেনে-শুনে ২০০১ সালে তাঁকে বিয়ে করেন আশরাফুল হক। ১৩ বছর পর মৌসুমী সুন্দরী না—এ অজুহাত দেখিয়ে মৌসুমীর অনুমতি ছাড়াই আবার বিয়ে করেছেন তিনি।
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের মেদুয়ারকুটি গ্রামের আশরাফুল হক ২০১৪ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় বিয়ে করেন। মৌসুমী বলেন, বিয়ের পর থেকে আশরাফুল তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছেন। আশরাফুল গত ২৫ ফেব্রুয়ারি তাঁর কাছ থেকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি চান। অনুমতি না দিলে আশরাফুল তাঁকে মেরে ফেলারও হুমকি দেন।
মৌসুমী এর প্রতিকার চেয়ে গত মাসে কুলাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। নিজের ও সন্তানের জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় গত ১৯ মার্চ একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু মৌসুমীর অভিযোগ, কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না।
মৌসুমীর বাবা আমজাদ হোসেন বলেন, বিয়ের পর থেকে আশরাফুল হককে নগদ টাকাসহ বিভিন্ন ভাবে প্রায় সাড়ে সাত লাখ টাকার সাহায্য করেছেন তিনি। আশরাফুলের বিরুদ্ধে তিনি মামলা করবেন বলে জানান।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ও কুলাঘাট ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস আলী সরকার বলেন, মৌসুমী আরা বেগম তাঁর স্বামী আশরাফুল হকের বিরুদ্ধে তাঁকে নির্যাতনসহ তাঁর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।