স্ত্রীর অভিযোগে নির্বাচন কর্মকর্তাকে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর কাছ থেকে যৌতুক দাবির মামলায় নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখা-১-এর জ্যেষ্ঠ সহকারী সচিব সাবেদ উর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া ওই নির্বাচন কর্মকর্তার নাম সাজ্জাদ হোসেন। তিনি বগুড়া জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার কোয়ালিপাড়া গ্রামের কোরবান আলীর ছলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেন ওরফে শাকিল ২০১২ সালে বাগাতিপাড়া উপজেলার জালালপুর গ্রামের ফেরদৌস রহমান সরকারের মেয়ে ফাল্গুনি আক্তারকে বিয়ে করেন। বিয়ের সময় সাজ্জাদ হোসেনের পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে মেয়ের পরিবার দুই লাখ টাকাসহ স্বর্ণালংকার ও আসবাবপত্র যৌতুক হিসেবে দেয়। কিন্তু পরে আরও তিন লাখ টাকা যৌতুকের দাবিতে সাজ্জাদ হোসেন তাঁর স্ত্রীর ওপর নানা অত্যাচার করেন। এমনকি স্ত্রীকে তলপেটে লাথি মারায় গর্ভপাত ঘটে বলেও এজাহারে উল্লেখ করা হয়। এ ছাড়া অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক থাকারও অভিযোগ করা হয়।
এসব ঘটনায় গত বছরের ২৭ জুলাই ফাল্গুনি আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং ৭ আগস্ট ফাল্গুনি আক্তারের চাচা মোখলেছুর রহমান বাদী হয়ে যৌতুক আইনে নাটোর আদালতে পৃথক দুটি মামলা করেন।
যৌতুক আইনে করা মামলার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে গত ৯ এপ্রিল সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে সাময়িক বরখাস্ত হওয়া নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।