স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে নড়াইল সদর উপজেলার দেবভোগ গ্রামে গত রোববার রমা মণ্ডল (২৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারীর স্বামী কৃষ্ণ বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গ্রাম পুলিশের সদস্য।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, দুই বছর আগে দেবভোগ গ্রামের নিমাই মণ্ডলের মেয়ে রমা মণ্ডলের সঙ্গে পাশের মালিয়াট গ্রামের কৃষ্ণ বিশ্বাসের বিয়ে হয়। কৃষ্ণ বিশ্বাস বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দেওয়ার জন্য প্রায়ই রমা মণ্ডলকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে রমা মণ্ডলকে প্রায়ই নির্যাতন করতেন তিনি। নির্যাতন সইতে না পেরে রমা কিছুদিন আগে টাকা আনতে বাবার বাড়ি যান। বাবা টাকা দিতে না পারলে রোববার রাতে তিনি আত্মহত্যা করেন।

প্রতিবেশী সমাজকর্মী কবিতা বিশ্বাস বলেন, ‘রমার বাবা গরিব মানুষ। রমা গ্রামের ছেলেমেয়েদের প্রাইভেট পড়িয়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক (সম্মান) পাস করে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হন। শুনেছি কৃষ্ণ বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চার বছর আগে তাঁকে বিয়ে করেন। বিয়ের পর থেকে কৃষ্ণ বিশ্বাস বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য রমাকে মারধর করতেন। এ নিয়ে আমরা অনেক সালিস-দরবারও করেছি। তাঁকে পুলিশ একবার আটকও করেছিল।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কৃষ্ণ বিশ্বাসকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।