স্ত্রীর আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর আপত্তিকর ছবি গ্রামের কম্পিউটারের দোকানগুলোতে ছড়ানোর অভিযোগে শরিফুল ইসলাম ওরফে শাহিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পাবনার চাটমোহর উপজেলার নতুনপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শরিফুল ইসলামের বাড়ি নতুনপাড়া এলাকায়। কুষ্টিয়ার দৌলতপুর থানায় করা মামলায় চাটমোহর থানার পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শরিফুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার দুপুরে আদালতে তাঁকে হাজির করা হবে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১০ সালে দৌলতপুরের হোগলবাড়িয়া ইউনিয়নের এক তরুণীর সঙ্গে শরিফুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে কোনো সন্তান হয়নি। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মামলাও হয়, যা এখনো চলছে।

সম্প্রতি শরিফুল ইসলাম তাঁর স্ত্রীর কিছু আপত্তিকর ছবি গ্রামের কম্পিউটারের দোকানে ছড়িয়ে দেন। বিষয়টি জানাজানি হলে তাঁর স্ত্রী গত মঙ্গলবার দৌলতপুর থানায় শরিফুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।