স্ত্রীর গলা কাটা লাশ, রক্তমাখা বঁটিসহ আটক স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে আজ বৃহস্পতিবার বিকেলে ঝরনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। স্থানীয় লোকজন ঝরনার স্বামী সাহেদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, রক্তমাখা বঁটিসহ সাহেদ আলীকে আটক করা হয়েছে। তিনি তাঁর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। সাহেদ আলী পেশায় রিকশাচালক।
মিরপুর থানার পুলিশ জানায়, ঝরনা বেগম সপরিবারের কল্যাণপুরের ১১ নম্বর সড়কের ২৭ নম্বর বাড়িতে থাকতেন। আজ বেলা সাড়ে তিনটার দিকে সাহেদ আলী বাসার ভেতর থেকে তালা মেরে ঝরনা বেগমের গলায় বঁটি চালিয়ে তাঁকে হত্যা করেন। তাঁদের ছোট দুই সন্তানের চিৎকারে ও ঝরনার গোঙানির শব্দে আশপাশের লোকজন গিয়ে বিষয়টি আঁচ করতে পেরে বাসা ঘিরে ফেলে। এ সময় তারা মিরপুর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাসার দরজা ভেঙে রক্তমাখা বটিসহ সাহেদ আলীকে আটক করে। পরে পুলিশ ঝরনা বেগমের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে দাম্পত্য কলহের জের ধরে ঝরনাকে জবাই করে হত্যা করা হয়েছে।