স্ত্রীর গলা কাটার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি কালিরডাঙ্গা গ্রামে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্ত্রীর গলা কাটার পর স্বামী নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। গত শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
এ দম্পতির নাম আজিজুর রহমান (৪৫) ও সায়মা বেগম (৩৫)। সায়মা বেগম বদরগঞ্জের আমরুলবাড়ি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রতিবেশী কয়েকজন জানান, আশঙ্কাজনক অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজিজুর রহমান মাদকাসক্ত। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত।
শুক্রবার রাত পৌনে একটার দিকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা চলাকালে সায়মা বেগম অভিযোগ করেন, রাতের খাবার খাওয়ার পর তিনি সাত বছরের একমাত্র মেয়ে ও স্বামীকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে স্বামী তাঁর গলা কেটে দেন। এরপর নিজের (স্বামী) গলা ছুরি দিয়ে কাটেন। তাঁর স্বামী মাদকাসক্ত বলে জানান সায়মা।
তবে সায়মার স্বামী হাসপাতালের চিকিৎসক কিংবা উপস্থিত কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদুল ইসলাম বলেন, ওই শিক্ষিকার গলা আনুমানিক চার ইঞ্চি লম্বা ও আধা ইঞ্চি পরিমাণ গভীর পর্যন্ত কেটে গেছে। এতে তাঁর শ্বাসনালি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর স্বামী আজিজুর রহমানেরও গলাও প্রায় একই পরিমাণ কেটেছে। তাঁদের ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। ওই দম্পতিকে শুক্রবার রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশিদ গতকাল শনিবার দুপুরে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত ওই দম্পতিকে আজ (শনিবার) সকালে অস্ত্রোপচার করা হয়েছে। তবে তাঁরা এখনো আশঙ্কামুক্ত নন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ওই ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।