স্ত্রীর গলা কেটে পরে শিশুসহ পুড়িয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখানে ঘুমন্ত স্ত্রীর গলা কাটার পর কন্যাশিশুসহ তাঁর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বিল্লাল হোসেনের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে উপজেলার পশ্চিম জয়নগর গ্রামে ঘটেছে মর্মান্তিক এ ঘটনা। বিল্লালকে আটক করেছে পুলিশ।
বিল্লাল হোসেন (৪০) পেশায় ট্রাকচালক। মোসাম্মাত শাহানাজ বেগম (২২), মেয়ে মোহনা (৯ মাস) ও ছেলে মেহেদী হাসানকে (৬) নিয়ে ছিল বিল্লালের দ্বিতীয় সংসার। দৌলতখানের দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামে তাঁদের বাড়ি।
গতকাল সরেজমিনে দেখা যায়, শত শত মানুষ সকাল থেকেই বিল্লালের বাড়িটিতে ভিড় করেছেন। বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে পোড়া গন্ধ। বাড়ির চারটি ঘরের একটিতে থাকতেন বিল্লাল। বাড়ির অন্য বাসিন্দারা বলেন, বিল্লাল শাহানাজকে মারধর করতেন। স্ত্রী-সন্তানদের নিয়ে গত শুক্রবার রাতে ঘুমিয়ে ছিলেন। রাত তিনটার দিকে বিল্লাল ছেলে মেহেদীকে দাদি আমেনা বেগমের (৫৪) সঙ্গে ঘরের বাইরে পাঠিয়ে ঘুমন্ত স্ত্রীকে জবাই করেন। পরে স্ত্রী ও কন্যাশিশুকে লেপচাপা দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর তিনি বাইরে বেরিয়ে আগুন লাগছে বলে চিৎকার শুরু করেন। আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিভিয়ে স্ত্রী ও কন্যাশিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজিম উদ্দিন শিপন বলেন, আগুন লাগার খবর পেয়ে গিয়ে দেখি ওই ঘরের মধ্যে কাঁথাচাপা দুজন শুয়ে আছে। শিশুটির শরীর সামান্য ঝলসে গেছে দেখে অ্যাম্বুলেন্স খবর দিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়। এ সময় বিল্লালের স্ত্রী শাহানাজের ওপর থেকে পোড়া কাঁথা সরালে দেখা যায়, তাঁর গলা কাটা।
শাহানাজের মা জাহানারা সুলতানা ও ছোট ভাই আলাউদ্দিন বলেন, তাঁরা এ হত্যাকাণ্ডের বিচার চান।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, বিল্লাল ভোররাতে আগুনে পুড়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হন বলে শোনেন। পরে পুলিশ হাসপাতাল থেকে তাঁকে আটক করেছে। তিনি এখন থানাহাজতে আছেন। তিনি তিনটি বিয়ে করেছেন বলে জানা গেছে। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। ওসি আরও জানান, বিল্লালের স্ত্রী ও মেয়ের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই আলাউদ্দিন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, পারিবারিক কলহের জের ধরে বিল্লাল স্ত্রীকে গলা কেটে ও শিশুসহ পুড়িয়ে হত্যার কথা স্বীকার করেছেন। ঘটনার সঙ্গে বিল্লালের মা আমেনা বেগম জড়িত কি না, তা বিল্লালের ছেলে ও মাকে খুঁজে পেলে জানা সম্ভব হবে। তাঁদের এখনো খুঁজে পাওয়া যায়নি।