স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় রাশেদা বেগম ওরফে মুক্তা (২২) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চরকাদিরা ইউনিয়নের উত্তর চরকাদিরা গ্রামের একটি বাড়ি থেকে আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে রাশেদার স্বামী সুমন মিয়া ওরফে লিটন পলাতক রয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুক না পাওয়ায় রাশেদাকে তাঁর স্বামী গলা কেটে হত্যা করেছেন।

কমলনগর থানার পুলিশ জানায়, আজ সকালে রাশেদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজ ভোররাতে রাশেদাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

নিহতের বোন পিয়ারা বেগমের ভাষ্য, পাঁচ বছর আগে ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন রাশেদা। একই কারখানায় কাজ করতেন কুমিল্লার বুড়িচং থানার সুমন। পরিচয়ের পর তাঁদের বিয়ে হয়। বিয়ের পর সুমন উত্তর চরকাদিরা গ্রামে শ্বশুরবাড়ি থাকতেন। কয়েক মাস ধরে ৪০ হাজার টাকা যৌতুক দাবি করে রাশেদাকে মারধর করতেন সুমন। যৌতুকের টাকা না পেয়ে রাশেদাকে সুমন হত্যা করেছেন বলে তিনি অভিযোগ করেন।

চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বলেন, ‘যৌতুকের জন্য রাশেদাকে প্রায়ই তাঁর স্বামী মারধর ও মানসিক নির্যাতন করতেন বলে শুনেছি।’

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওহাব সরকার বলেন, ঘটনার পর থেকে রাশেদার স্বামী সুমন পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের জন্য তাঁকে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।