বাসা বদলের জন্য খুব ভোরে ট্রাক ডেকে মালামাল তুলছিলেন রফিকুল ইসলাম। কিন্তু মালের ভেতরে দুর্গন্ধ পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানান ট্রাকের চালক ও সহযোগীরা। মালিক এসে দুর্গন্ধের কারণ জানতে চাইলেই দৌড় দেন রফিকুল।
পরে ট্রাক থেকে লেপ-তোশক নামিয়ে তার ভেতরে পাওয়া গেছে রফিকুলের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমুন নাহারের (২১) গলাকাটা লাশ। স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রফিকুলকে। গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ ছায়াবীিথ এলাকায় গতকাল মঙ্গলবার ঘটেছে এ ঘটনা। একই দিনে গাজীপুরের টঙ্গীতে মরকুন মোল্লার গ্যারেজ এলাকায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গতকাল অজ্ঞাতপরিচয় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দি এলাকার হুমায়ূন কবিরের ছেলে রফিকুলের সঙ্গে আট মাস আগে বিয়ে হয় রাজশাহী নগরের মেহেরচণ্ডী পূর্বপাড়ার গোলাম জিলানীর মেয়ে নাজমুন নাহারের। ছয় মাস আগে রফিকুল স্ত্রীকে নিয়ে দক্ষিণ ছায়াবিথী এলাকার শামিম হোসেনের বাড়ির একটি ফ্ল্যাটে ওঠেন। রফিকুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এক মাস আগে তিনি বাড়ির মালিককে জানান, ৩০ অক্টোবর বাসা ছেড়ে দেবেন। কিন্তু গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার সময় একটি ট্রাক নিয়ে এসে তাঁর ঘরের মালামাল ট্রাকে ওঠান। ট্রাকের চালক ও সহযোগীরা মালামালের ভেতর থেকে দুর্গন্ধ পেলে বিষয়টি বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক এসে দুর্গন্ধের কারণ জানতে চাইলে রফিকুল দৌড়ে পালোনোর চেষ্টা করেন। পরে উপস্থিত লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামালের মধ্যে থেকে লেপ-তোশক দিয়ে প্যাঁচানো নাজমুন নাহারের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুস সালাম সরকার প্রথম আলোকে জানান, নাজমুন নাহার অন্তঃসত্ত্বা ছিলেন।
রফিকুলের দাবি, তাঁর স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। দুই দিন আগে তাঁদের ঝগড়া হয়। একপর্যায়ে প্রথমে গলা চেপে শ্বাসরুদ্ধ করে এবং পরে ছুরি দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আরশেদ হোসেন জানান, নাজমুন নাহারের মামা মো. মহিউদ্দিন গতকাল রফিকুলকে আসামি করে মামলা করেছেন।
টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে মরকুন মোল্লার গ্যারেজ এলাকা থেকে গতকাল রেখা আক্তার (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে উত্ত্যক্ত করা ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সুজন মিয়া (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। রেখা মরকুন এলাকার সৌদিপ্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী।
রেখার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, টঙ্গীর মিরাশপাড়া এলাকার বাসিন্দা সুজন মিয়া ওই গৃহবধূকে পাঁচ থেকে ছয় মাস ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। এ বিষয়ে তাঁর পরিবারের সদস্যদের জানালেও কোনো সমাধান হয়নি। এর জের ধরে গত সোমবার রাতে রেখা কীটনাশক পান করে আত্মহত্যা করেন।
টঙ্গী মডেল থানার পুলিশ গতকাল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। টঙ্গী মডেল থানার এসআই নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপার মামলার প্রস্তুতি চলছিল।
নারায়ণগঞ্জ: বন্দর উপজেলায় অজ্ঞাতপরিচয় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় করে কে বা কারা লাশ দুটি ফেলে যায়। স্থানীয় লোকজন তাদের কী ফেলে যাচ্ছেন জিজ্ঞাসা করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, নিহত একজনের বুকে ও অপরজনের পিঠে গুলির চিহ্ন রয়েছে। নিহতদের পরনে ছিল জিনস প্যান্ট, শার্ট ও গেঞ্জি। তাঁদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে।
পুলিশের ধারণা, অন্য কোথাও তাঁদের হত্যার পর দুর্বৃত্তরা সেখানে লাশ ফেলে গেছে।