স্ত্রীর গায়ে গরম পানি ছুড়ে মারায় স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীর গায়ে গরম পানি ছুড়ে মারার অভিযোগে স্বামী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ১৩ জানুয়ারি শ্রীমঙ্গল উপজেলার পাত্রীকুল গ্রামের হাবিবুর তাঁর স্ত্রী মনোয়ারা বেগমের (২৫) শরীরে গরম পানি ঢেলে দেন। এতে মনোয়ারার হাত, পেটসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনায় মনোয়ারার বড় ভাই মো. শহীদ মিয়া বাদী হয়ে হাবিবুরসহ চারজনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। ঘটনার পর থেকে হাবিবুর পলাতক ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলে রাব্বী গতকাল প্রথম আলোকে বলেন, ‘দিন আনে দিন খায় অবস্থা। ঝগড়াঝাটি থেকে ঘটনা। চুলা থেকে গরম পানি এনে স্ত্রীর ওপর ছুড়ে মারেন হাবিবুর।’