স্ত্রীর চোখ উপড়ে ফেলার চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় পরকীয়ায় বাধা দেওয়ায় লিটন মিয়া (২১) নামের এক তরুণ তাঁর স্ত্রীর চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার তার স্ত্রী মিলি আক্তারকে (১৯) ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ওই অভিযোগ ও মিলি আক্তারের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের নূর মোহাম্মাদের মেয়ে মিলি আকতারের সঙ্গে রামনগর গ্রামের মোমতাজ আলীর ছেলে লিটন মিয়ার এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাঁরা দুজন গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে প্রায় মাস তিনেক আগে থেকে লিটন মিয়া একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ঘটনাটি জানার পর এর প্রতিবাদ করায় লিটন মিলিকে প্রায়ই মারধর করতেন।
সম্প্রতি তাঁরা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। এরপর মিলি বিষয়টি তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে জানিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ৫ অক্টোবর রাতে লিটন মিলিকে মারধর করে মাটিতে ফেলে দেন। এরপর হাতের আঙুল দিয়ে মিলির দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা করেন। একপর্যায়ে বাড়ির লোকজন এসে মিলিকে উদ্ধার করেন। লিটনের হামলায় মিলির দুই চোখই আঘাতপ্রাপ্ত হয়। এরপর আট দিন ধরে মিলিকে চিকিৎসা না দিয়ে বাড়িতে আটক রাখেন লিটন।
খবর পেয়ে গত সোমবার সকালে লিটনের বাড়িতে গিয়ে বাবার বাড়ির লোকজন মিলিকে উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর পর থেকে লিটন মিয়া পলাতক রয়েছেন।
এ ঘটনায় মিলি গতকাল মঙ্গলবার দুপুরে লিটনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
চিকিৎসাধীন মিলি আক্তার বলেন, চোখ দুটি নষ্ট হলে প্রতিবাদ করার কোনো সুযোগ থাকবে না বলেই তাঁর স্বামী এভাবে নির্যাতন করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহবুবুজ্জামান জানান, মিলি আক্তারের দুটি চোখে শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, মিলি আকতারের অভিযোগ তদন্ত করে সত্যতা মিলেছে। তাঁর স্বামী লিটনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।