স্ত্রীর জিহ্বা ও রগ কেটে দেওয়া সেই স্বামীর আত্মসমর্পণ
যৌতুক না পেয়ে স্ত্রীর জিহ্বার অগ্রভাগ ও বাঁ পায়ের রগ কেটে দেওয়া সেই স্বামী বেলাল মিয়া আদালতে আত্মসমর্পণ করেছেন। মহানগর হাকিম আদালত-১-এর বিচারক মামুনুর রহমান সিদ্দিকীর আদালতে গতকাল সোমবার সকালে তিনি আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বেলালের আত্মসমর্পণের বিষয়টি জানিয়ে সিলেট মহানগরের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, গতকালই তাঁর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
সিলেট মহানগরের জালালাবাদ থানার পশ্চিম দর্শা গ্রামে বাবার বাড়িতে ১৫ ডিসেম্বর রাতে স্বামী ও তাঁর সহযোগীদের হাতে যৌতুকের জন্য নির্মম নির্যাতনের শিকার হন বেলালের স্ত্রী সোমা বেগম। একপর্যায়ে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে সোমার জিহ্বা ও বাঁ পায়ের রগ কেটে দেন। এ ঘটনায় বেলালকে প্রধান আসামি করে আরও ছয়জনের নামে জালালাবাদ থানায় মামলা করেন নির্যাতিত গৃহবধূর বড় ভাই হাফিজ মিয়া। এ মামলায় ১৭ ডিসেম্বর বেলালের মা, মামাতো ভাই ও ভাগনেকে গ্রেপ্তার করে পুলিশ। গৃহবধূ সোমা সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।