সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক এসআইয়ের বিরুদ্ধে স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভপাত ঘটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার তাড়াশ আমলি আদালতে ওই নারী স্বামী পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।
আদালতের বিচারক জুলফিকার উল্লাহ্ মামলাটি এজাহার হিসেবে গণ্য করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
আরজি সূত্রে জানা গেছে, ২০১১ সালে তাড়াশের ঘরগ্রামের হাফিজুর রহমানের মেয়ে রোজিনা পারভীনের সঙ্গে পাশের পাবনার চাটমোহর উপজেলার বাঘলবাড়ী গ্রামের আখের আলীর ছেলে আনিসুর রহমানের (বর্তমানে এসআই হিসেবে মেহেরপুরের আমলি আদালতে কর্মরত) বিয়ে হয়। তাঁদের সংসারে একটি তিন বছরের ছেলে রয়েছে। সম্প্রতি স্ত্রী রোজিনাকে বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা এনে দিতে বলেন এসআই আনিসুর। এতে স্ত্রী রাজি না হওয়ায় তাঁকে মেহেরপুরের ভাড়া বাসায় বেধড়ক মারধর করা হয়। এরপর বাবার বাড়িতে পাঠিয়ে দেন আনিসুর। বিষয়টি মীমাংসার জন্য রোজিনার বাবা হাফিজুর জামাইসহ পরিবারের সবাইকে আমন্ত্রণ জানান। ৮ মে আনিসুর তাঁর মা-বাবা ও ভাইকে সঙ্গে করে তাড়াশের ঘরগ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানেও তিন লাখ টাকা দাবি করা হয়। হাফিজুর এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনিসুর অন্তঃসত্ত্বা স্ত্রী রোজিনা পারভীনের পেটে লাথি মারেন। এতে তাঁর গর্ভপাত ঘটে। মুমূর্ষু অবস্থায় রোজিনাকে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক আনিছুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসক আনিছুর রহমান বলেন, তলপেটে আঘাতের কারণে রক্তক্ষরণ এবং গর্ভপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে এসআই আনিসুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।