স্ত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার, সন্তান নিয়ে স্বামী পলাতক
রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে মিতু আক্তার জুরানা (২৫) নামের এক গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, মিতুকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দী করে পালিয়েছে স্বামী।
পল্লবী থানার পুলিশ জানায়, গতকাল সকাল সাতটার দিকে পল্লবীর প্যারিস রোডের মসজিদ গলির একটি বাসার সামনে থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। লাশটি একটি প্লাস্টিকের বস্তায় ভরা ছিল। বস্তার মুখটি ছিল কাপড় দিয়ে বাঁধা। গৃহবধূর গলায় কালো দাগ আছে। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মিতুর স্বামী ইউনুছ গাজী পল্লবী এলাকায় পাঞ্জাবির ব্যবসা করে। তাদের সংসারে সাত বছরের সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে ইউনুছ যৌতুক চেয়ে মিতুর ওপর নির্যাতন চালাত বলে মিতুর পরিবারের অভিযোগ। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতের যেকোনো সময় তাঁকে হত্যা করে লাশ বস্তাবন্দী করে ইউনুছ। এরপর বস্তা বাসার সামনে ফেলে রেখে সন্তানকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। ইউনুছকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। নিহত মিতুর গ্রামের বাড়ি পটুয়াখালীতে।