স্ত্রীর বড় ভাইয়ের কিল-ঘুষিতে মৃত্যুর অভিযোগ
ময়মনসিংহের গৌরীপুরে স্ত্রীর বড় ভাইয়ের কিল-ঘুষিতে রুহুল আমিন (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার কলতাপাড়া বাজারে এ ঘটনা ঘটেছে।
গৌরীপুর থানার এসআই আমিনুর রহমান বলেন, রুহুল আমিনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুহুল আমিন ছয় বছর আগে একই উপজেলার চুড়ালী গ্রামের নবী হোসেন ব্যাপারীর মেয়ে বিউটিকে বিয়ে করেন। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এর জের ধরে রুহুল প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। মাস খানেক আগে রুহুলের স্ত্রী তাঁর বাবার বাড়ি চলে যান। গতকাল দুপুরে রুহুল কলতাপাড়া বাজারে কাঠের কারখানায় কাজ করছিলেন। এ সময় তাঁর স্ত্রীর বড় ভাই আবুল কালাম ওই কারখানায় গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম ক্ষিপ্ত হয়ে রুহুলের বুকে ও পিঠে উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকেন। এতে ঘটনাস্থলেই রুহুলের মৃত্যু হয়।