স্ত্রীর মুখমণ্ডলে ছ্যাঁকা দিলেন মাদকাসক্ত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক মাদকাসক্ত ব্যক্তি তাঁর স্ত্রীর মুখমণ্ডলসহ শরীরে সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার মজলিশ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার মামরকপুর গ্রামের সুমন মিয়ার সঙ্গে বেশ কয়েক বছর আগে আলগীর চর গ্রামের শিরিনা বেগমের (৩০) বিয়ে হয়। এ দম্পতির সাদিয়া (৯) ও সুমাইয়া (৫) নামের দুই সন্তান রয়েছে। তাঁরা মজলিশ গ্রামে ভাড়া বাড়িতে থাকেন। গতকাল বিকেলে সুমন দুই মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। প্রথমে তাঁর স্ত্রী শিরিনার মাথার চুল কাঁচি দিয়ে কাটেন। পরে হাত-পা বেঁধে মুখমণ্ডলসহ শরীরে সিগারেটের আগুনে ছ্যাঁকা দেন। একপর্যায়ে দুই মেয়ের চিৎকার শুনে প্রতিবেশী লোকজন ছুটে আসেন। পরে ঘরের দরজা ভেঙে শিরিনাকে উদ্ধার করা হয়। সুমনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন লোকজন।
শিরিনা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী দুই বছর ধরে মাদকাসক্ত। দুই মাস আগে পুলিশ তাঁকে মাদকসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় তিনি কিছুদিন কারাভোগ করেন। কিন্তু বেরিয়ে এসে প্রতিদিন মাদক সেবনের জন্য আমার কাছে টাকা দাবি করেন। না দেওয়ায় আমার মাথার চুল কেটে দেন। বেঁধে শরীরে সিগারেটের আগুনের ছ্যাঁকা দেন।’
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বলেন, এ ঘটনায় সুমনের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।