
চিকিৎসক শামারুখ মাহজাবিনের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন তাঁর স্বামী হুমায়ুন সুলতান। শামারুখ হত্যা মামলায় রিমান্ডে থাকা হুমায়ুন প্রথম দিনের জিজ্ঞাসাবাদে এ দাবি করেছেন বলে পুলিশ জানিয়েছে।
হুমায়ুনের তিন দিনের রিমান্ডের প্রথম দিন পার হয়েছে গতকাল সোমবার। ধানমন্ডি থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। তাঁকে গত বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেপ্তার করে। রোববার তাঁর তিন দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে শ্বশুরের বাসায় শামারুখের রহস্যজনক মৃত্যু হয়। তাঁকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তাঁর বাবা নূরুল ইসলাম ধানমন্ডি থানায় বৃহস্পতিবারই মামলা করেন। মামলায় শামারুখের স্বামী, শ্বশুর আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতান ও শাশুড়ি জেসমিন আরাকে আসামি করা হয়। খান টিপু সুলতান ও জেসমিন আরা রোববার হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।
ধানমন্ডি থানার ওসি আবুবকর গতকাল বলেন, শুরু থেকেই হুমায়ুন দাবি করছেন তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। রিমান্ডেও তিনি একই দাবি করছেন। আত্মহত্যা করার কিছু কারণও তিনি বলেছেন।
কী কারণ বলেছেন, জানতে চাইলে ওসি বলেন, ‘কিছু বলেছেন। এগুলো পরে জানাতে পারব। তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে।’ শামারুখ হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে ২০১৩ সালে এমবিবিএস পাস করেন। পরে তিনি হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল থেকে ইন্টার্নিশিপ সম্পন্ন করেন।