স্ত্রীর লাশ উদ্ধার, রক্তাক্ত স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আজ শনিবার রোকেয়া আক্তার (২১) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের অভিযোগে রোকেয়ার স্বামী মোহাম্মদ রুবেলকে রক্তাক্ত অবস্থায় আটক করেছে পুলিশ।

রুবেল দিনাজপুরের বিরল উপজেলার কোশাল ডেঙ্গি গ্রামের আবদুল গফুরের ছেলে। প্রায় তিন বছর আগে টেকনাফ উপজেলার রাজার ছড়া গ্রামের বদিউল আলমের মেয়ে রোকেয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। এই দম্পতির দুই সন্তান রয়েছে। রোকেয়ার মা সুরুজ্জামান বলেন, ২০১৪ সালে রোকেয়ার সঙ্গে রুবেলের বিয়ে হয়। তাঁদের বড় সন্তান জন্মের পর রুবেল মাদকাসক্ত হয়ে পড়লে বছর খানেক আগে রোকেয়াসহ তাঁদের দিনাজপুরে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে রোকেয়া আবারও অন্তঃসত্ত্বা হলে তিন মাস আগে তাঁকে টেকনাফে আনা হয়। ১৪ দিন আগে তাঁর এক মেয়েসন্তান জন্ম নেয়। মেয়ে হওয়ার খবর পেয়ে গত বুধবার দিনাজপুর থেকে টেকনাফ আসেন রুবেল।

সুরুজ্জামান বলেন, ‘আজ সকালে স্বামী-স্ত্রী দুজনকে বাড়িতে রেখে আমরা কাজে ব্যস্ত ছিলাম। দুপুরের দিকে বাড়িতে এসে পাশের রুমে মেয়ে রোকেয়ার বাঁ হাত কাটা ও রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখি। এ সময় আমি চিৎকার করলে রুবেল দৌড়ে পালিয়ে যায়।’

খবর পেয়ে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ রোকেয়ার লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। অভিযুক্ত রুবেলকে রক্তাক্ত অবস্থায় টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকা থেকে আটক করেছে পুলিশ। এসআই বলেন, রোকেয়ার বাঁ হাতের কবজি ও ঘাড়ের ওপরে দায়ের কোপের চিহ্ন রয়েছে। রুবেলের মাথায় ও পেটেও আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে পুলিশ পাহারায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোকেয়ার বড় ভাই নুরুল আজিজ বলেন, ‘রুবেল মাদকাসক্ত। মাদক সেবনের টাকার জন্য তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হতে পারে। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। এতে তাঁরা দুজনই আঘাত পায়। কিন্তু আমার বোনকে হত্যার দায়ে আমার বাবা বদিউল আলম বাদী হয়ে মামলা করবেন।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামীকে আহত অবস্থায় আটক করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।