স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালাল স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক মৃত্যুর পর স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রী লাশ রেখে পালিয়েছে এক ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ওই নারীর পরিবারের অভিযোগ তাঁকে হত্যা করা হয়েছে। আর স্বামীর পক্ষের বক্তব্য ‘জিনে আছর করায় সে আত্মহত্যা করেছে’।

ওই গৃহবধূর নাম নিশাত ইসলাম (২২)। তিনি উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সন্ধ্যায় পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁর লাশ উদ্ধার করে। অভিযুক্ত ব্যক্তির নাম শামিম হোসেন।

নিশাতের বাবা নজরুল ইসলামের অভিযোগ, শামিম তাঁর মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এ জন্য সে হাসপাতালে লাশ রেখে পালিয়েছে।

নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেলে শামিম মোবাইলে তাঁকে জানায়, নিশাত গলায় দড়ি দিয়েছেন। বর্তমানে সে ঈশ্বরদী হাসপাতালে আছে। খবর পেয়ে নজরুল ইসলাম ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারেন, তাঁর মেয়েকে মৃত অবস্থায় মোটরসাইকেল যোগে হাসপাতালের জরুরি বিভাগে রেখে শামিম পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদের জন্য নিশাতের শাশুড়ি আনোয়ারা খাতুনকে আটক করেছে পুলিশ। আনোয়ারা খাতুন ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি অভিযোগ করেন, ‘নিশাত ইসলামের ওপর জিনের আছর রয়েছে। এ কারণে প্রায় সে অসুস্থ হয়ে পড়ত। এ কারণে আজ (বৃহস্পতিবার) সে গলায় দড়ি দিয়েছে। শামিম নিশাতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।’

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেড় বছর আগে উপজেলার ছলিমপুরের জয়নগর হাজিপাড়া গ্রামের শফিকুল ইসলাম সরদারের ছেলে শামিম হোসেনের সঙ্গে নিশাত ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক নানা কারণে নিশাতকে নির্যাতন করত শামিম। ঈদের একদিন আগে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে নিশাত।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেবব্রত পাল বলেন, নিশাতকে মৃত অবস্থায় হাসপাতালে আনার পর তাঁর স্বামীকে আর পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ পুরোপুরি নিশ্চিত নয়। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত ঘটনাটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত করা যাবে না। মেয়ের বাবা মামলা করলে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’