স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে স্বাস্থ্য কমপ্লেক্সে লিপি খাতুন (২০) নামের এক গৃহবধূর লাশ রেখে তাঁর স্বামী বাবু মিয়াসহ পরিবারের লোকজন পালিয়ে গেছেন। যৌতুকের টাকা না পেয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে নিহত লিপির পরিবার অভিযোগ করেছে।
পুলিশ ও লিপির পারিবারিক সূত্র জানায়, সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামের আবদুর রহমানের মেয়ে লিপির সঙ্গে প্রায় তিন বছর আগে একই উপজেলার চরকাদহ গ্রামের শহিদুল ফকিরের ছেলে বাবু মিয়ার ২৫ হাজার টাকা যৌতুকের বিনিময়ে বিয়ে হয়। বিয়ের পর বাবু মিয়া কাপড়ের ব্যবসা করার জন্য লিপির পরিবারের কাছে আরও ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে বিরোধের জের ধরে গত রোববার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে লিপিকে মারপিট করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সংজ্ঞাহীন লিপিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বাবু ও তাঁর পরিবারের লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বেলা তিনটার দিকে লিপি মারা যান। এ সময় বাবু ও তাঁর পরিবারের লোকজন হাসপাতালে লাশ রেখে পালিয়ে যান।
লিপি খাতুনের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘যৌতুকের টাকা না পেয়ে বাবু ও তাঁর পরিবারের লোকজন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করেছে।’ এ ঘটনার পর থেকে বাবু ও তাঁর পরিবারের লোকজন পলাতক থাকায় তাঁদের সঙ্গে কথা বলা যায়নি।