স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজন গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী বড়ভিটা এলাকায় এই ঘটনা ঘটে। 

আহত গৃহবধূ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া এলাকার সিরাজ বেপারীর মেয়ে চায়না আক্তার (২৮)।
গৃহবধূর ভাই আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ১০ বছর আগে মৈকুলী বড়ভিটা এলাকার শুক্কুর মিয়ার সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। তাঁদের সিয়াম ও মরিয়ম নামে দুটি সন্তান আছে। আনোয়ারের অভিযোগ, এক বছর ধরে তাঁর ভগ্নিপতি শুক্কুর পার্শ্ববর্তী বাড়ির অন্য এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরেন। বিষয়টি চায়না জানতে পেরে স্বামীকে সরে আসার অনুরোধ জানায়। এরপর থেকে চায়নার ওপর নির্যাতন শুরু হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় চায়নার সঙ্গে শুক্কুরের ঝগড়া হয়। একপর্যায়ে শুক্কুর ঘরে থাকা কেরোসিন ঢেলে চায়নার শরীরে আগুন ধরিয়ে দেয়। বাঁচার জন্য চায়না বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দেয়। তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মেহেদি মাসুদ বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই অভিযুক্ত শুক্কুরসহ তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে। তাঁদের ধরতে অভিযান চলছে।