স্ত্রীর সম্পর্কে বাধা দেওয়ায় ব্যবসায়ী খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর সম্পর্কে বাধা দেওয়ায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় গত বুধবার রাতে বিনয় চন্দ্র সাহা (৪৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বৃহস্পতিবার বিনয়ের স্ত্রী শঙ্করী রানী সাহাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিনয় চন্দ্র সাহা উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা।
বিনয়ের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিনয় আলু ব্যবসায়ী। তিনি গত বুধবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির উঠানে টয়লেটে যান। এরপর তিনি ঘরে ফিরতে দেরি করায় শঙ্করী রানী তাঁকে ডাকাডাকি করেন। তাঁর (শঙ্করী) ডাকে সাড়া না দেওয়ায় তিনি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু বাইরে থেকে ঘরের দরজা বন্ধ থাকায় শঙ্করী চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা খুলে দেয়। পরে টয়লেটের পাশে বিনয় চন্দ্রের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেয়। পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ধারালো ছোরা উদ্ধার করে। এ ঘটনায় বিনয়ের ছোট ভাই বিপুল চন্দ্র সাহা গতকাল সকালে শঙ্করী রানী, প্রতিবেশী সুবল চন্দ্র সাহাসহ চারজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় গতকাল শঙ্করী রানী, সুবল চন্দ্র সাহার স্ত্রী গৌরী রানী ও তাঁর (সুবল) ছেলে সুধান্য সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।