স্ত্রীর সামনে বকাঝকা, ক্ষোভে-লজ্জায় যুবকের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর সামনে বাবা বকাঝকা করায় রাজশাহীর বাগমারা উপজেলায় ক্ষোভে-লজ্জায় এক যুবক আত্মহত্যা করেছেন। যুবকের নাম আবু বাক্কার (৩০)। তিনি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ধামিনকৌড় গ্রামের আক্কাছ আলীর ছেলে। আজ সোমবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও আত্মঘাতী যুবকের পারিবারিক সূত্রে জানা যায়, আবু বাক্কার বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার নিয়ে চলতেন। এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি চলছিল। গতকাল রোববার রাতে আক্কাছ আলী তাঁর ছেলে আবু বাক্কারকে পুত্রবধূর সামনে বকাঝকা করেন। কয়েক দফা মারতেও উদ্যত হন। স্ত্রীর সামনে এ ধরনের আচরণ না করার জন্য বাবাকে অনুরোধ করেন বাক্কার। এরপরও বাবা রাগারাগি করলে রাতেই বাড়ি থেকে বের হয়ে যান আবু বাক্কার।

রাতে অনেক খোঁজাখুঁজির পরও বাক্কারকে পাওয়া যায়নি। আজ দুপুরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে এক আমবাগানে বাক্কারের ঝুলন্ত লাশ স্থানীয় লোকজন দেখতে পায়। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বাক্কারের বাবা আক্কাছ আলী বলেন, ছেলে বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার নিয়ে চলত। পাওনাদারেরা চাপ দিতেন। এ কারণে তিনি ছেলেকে আর টাকা ধার না নেওয়ার জন্য বলেছিলেন। সে সময় সামান্য বকাঝকা করেছিলেন তিনি।
থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।