স্ত্রীসহ বাপেক্সের জিএমের বিরুদ্ধে মামলা

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের মহাব্যবস্থাপক (জিএম) এ কে এম আনোয়ারুল ইসলাম ও তাঁর স্ত্রী ফরিদা ইয়াসমীনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক হেলাল উদ্দীন শরীফ। দুদকের জনসংযোগ বিভাগ প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার এজাহারে বলা হয়, ফরিদা ইয়াসমীনের বিরুদ্ধ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৬ সালের ২৪ আগস্ট তাঁকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ দেয় দুদক। পরে ওই বছরের ২৭ আগস্ট তিনি এ নোটিশ গ্রহণ করেন। ওই বছরের ৫ সেপ্টেম্বর দুদকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন ফরিদা ইয়াসমীন। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ফরিদা ইয়াসমীন ৯২ লাখ ৫১ হাজার টাকার স্থাবর এবং ৫৮ লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দেন। অনুসন্ধানে দেখা যায়, ওই বিবরণীতে তিনি তাঁর নামে থাকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে চার লাখ টাকার স্থায়ী আমানতের তথ্য দেননি।
অন্যদিকে আয়কর রিটার্নে দাখিল করা বিবরণীর তথ্য অনুসারে তাঁর সম্পদ থাকার কথা ৪৩ লাখ ৬০ হাজার। সেই হিসাবে তিনি ১ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৯২৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া চার লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
এজাহারে আরও বলা হয়, আনোয়ারুল ইসলাম তাঁর স্ত্রীকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনে সহায়তা করেছেন।
এর আগে অভিযোগে ২০১৭ সালের ১৯ এপ্রিল দুদকের একই কর্মকর্তা উপপরিচালক হেলাল উদ্দিন শরীফ বাপেক্সের জিএম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় আরেকটি মামলা করেন। ওই মামলায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৪ আগস্ট এ কে এম আনোয়ারুল ইসলামকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ দেয় দুদক। পরে ওই বছরের ২৭ আগস্ট আনোয়ারুল এ নোটিশ গ্রহণ করেন। ওই বছরের ৫ সেপ্টেম্বর দুদকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন আনোয়ারুল ইসলাম। কিন্তু দুদক তদন্ত করে দেখে, আনোয়ারুল ইসলাম তাঁর হিসাব বিবরণীতে ৩২ লাখ ১২ হাজার ৩৩ টাকার সম্পদের হিসাব গোপন করেছেন। সে অভিযোগ তাঁর বিরুদ্ধে মামলা হয়। গত বছরের ২২ অক্টোবর আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।