স্ত্রীসহ শ্বশুরবাড়ির চারজনকে কুপিয়ে জখম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্ত্রী, শ্যালিকা ও শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম করেছেন জামাই নাজমুল হক (৩৫)। পরে স্থানীয় লোকজন তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। আজ শুক্রবার ভোররাত চারটার দিকে রায়পুর পৌরশহরের আব্বাস আলী সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নাজমুল হকের স্ত্রী মহিমা আক্তার (২৫), শ্যালিকা সুফতা জান্নাত (২৩), শাশুড়ি আকফুতেরনেছা (৪৫) ও শ্বশুর মহিউদ্দিন বাবর (৫৫)। আহত বক্তিদের প্রথমে রায়পুরের বেসরকারি একটি হাসপাতালে, পরে লক্ষ্মীপুর সদর ও নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, সাত বছর আগে বরিশালের বাসিন্দা নাজমুলের সঙ্গে মহিমার বিয়ে হয়। স্ত্রী মহিমা ও শ্যালিকা সুফতা একটি বিউটি পারলার পরিচালনা করতেন। একপর্যায়ে স্বামীর সঙ্গে মহিমার বিচ্ছেদ হয়। গতকাল বৃহস্পতিবার রাতে নাজমুল দাবি করেন, বিউটি পারলার খোলার সময় তিনি টাকা দিয়েছিলেন। এ টাকা তিনি ফেরত চান। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে নাজমুল দা দিয়ে কুপিয়ে পরিবারের সবাইকে জখম করেন। এ সময় চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নাজমুলকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়। নাজমুল ও মহিমার পাঁচ বছরের একটি ছেলে রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, নাজমুলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।