স্ত্রী-সন্তানকে হত্যা, স্বামী গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক ব্যক্তি তার স্ত্রী ও সৎছেলেকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানার জিঞ্জিরা বন্দ নজরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এশাক হোসেন ওরফে সুমন নামের ওই ব্যক্তি তার সৎমেয়েকে কুপিয়ে জখম করেছে বলেও অভিযোগ করা হয়েছে।
কুপিয়ে হত্যার শিকার দুজন হলেন সায়রা বানু (২২) ও তাঁর ছেলে ফয়সাল হোসেন (৯)। গুরুতর আহত মেয়ে জান্নাত আরাকে (১১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ স্বামী এশাককে গ্রেপ্তার করেছে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সাংবাদিকদের কাছে সে হত্যার কথা স্বীকার করে। এশাক দাবি করে, তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ায় সে এ ঘটনা ঘটিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ অক্টোবর দুপুরে এশাক সপরিবারে বন্দ নজরগঞ্জ এলাকায় ভাড়া করা বাসায় ওঠে। মঙ্গলবার রাত দেড়টার দিকে সে বঁটি দিয়ে স্ত্রী সায়রা বানুকে গলা কেটে ও ছেলে ফয়সালকে কুপিয়ে হত্যা করে। পরে মেয়ে জান্নাত আরাকেও এলোপাতাড়ি কুপিয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় এক চায়ের দোকানি রক্তাক্ত অবস্থায় তাকে পালাতে দেখেন। একপর্যায়ে ওই দোকানিসহ স্থানীয় লোকজন এশাককে আটক করে থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে এশাককে গ্রেপ্তার করে এবং সায়রা বানু ও ফয়সালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আহত জান্নাত আরাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সায়রা বানুর বড় বোন পারভীন বেগম বলেন, এশাক হোসেন সায়রার দ্বিতীয় স্বামী। বিয়ের আগে তাদের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে একটি অস্ত্র মামলায় এশাকের ১৪ বছর জেল হয়। এর মধ্যে অন্য একজনের সঙ্গে সায়রার বিয়ে হয়ে যায়। সেই ঘরেই ফয়সাল ও জান্নাত আরার জন্ম হয়। বছর খানেক আগে এশাক জেল থেকে বের হয়। এরপর আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে সায়রা ২ অক্টোবর এশাককে বিয়ে করেন।
পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এশাক সাংবাদিকদের কাছে দাবি করে, অন্য লোকের সঙ্গে তার স্ত্রীর প্রেম ছিল। সে বলে, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে আমি বাড্ডা থেকে বাসায় আসি। এরপর স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। রাত ১২টার পর বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে প্রথমে স্ত্রীকে কিল-কুষি মারি। এরপর তাকে বঁটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করি।’
এশাক বলে, এ সময় ছেলেমেয়ে তাকে জাপটে ধরে। তখন সে ছেলে ফয়সালকে গলায় তার পেঁচিয়ে ও কুপিয়ে হত্যা করে। শেষে মেয়ে জান্নাতকেও কুপিয়ে জখম করে এবং ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে যায়।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনসারী জিন্নাত আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এশাক হোসেন হত্যার কথা স্বীকার করেছে। সায়রা বানুর বড় বোন পিয়ারা বেগম বাদী হয়ে এশাককে আসামি করে মামলা করেছেন।
পরিদর্শক আনসারী জিন্নাত বলেন, সায়রা শরীয়তপুরের নড়িয়া উপজেলার কালীখোলা গ্রামের তাজউদ্দিন মিয়ার মেয়ে। অন্যদিকে এশাক বলে, তার বাবার নাম আমজাদ হোসেন। বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নর্দ্দা গ্রামে।