স্ত্রী-সন্তানদের ফাঁসাতে গিয়ে নিজেই ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী-সন্তান জঙ্গি কার্যক্রমে জড়িত, পুলিশের কাছে এই অভিযোগ করেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী কুদরতে মাওলা (৫২)। পুলিশ তদন্ত করে জানতে পারে যে অন্য এক নারীকে বিয়ে করবেন বলে স্ত্রী-সন্তানকে ফাঁসাতে চেয়েছিলেন তিনি। পরে তাঁর স্ত্রীর দেওয়া অভিযোগের ভিত্তিতে গতকাল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, প্রায় আড়াই মাস আগে কাজী কুদরতে মাওলা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি তাঁর স্ত্রী ও তিন সন্তানের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ার অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ এই অভিযোগের কোনো সত্যতা পায়নি।
পরে অভিযোগকারীর স্ত্রী পুলিশকে জানান, কাজী কুদরতে মাওলা অন্য নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। ওই নারীকে বিয়ে করতে এবং স্ত্রী-সন্তানদের কাছ থেকে দূরে থাকতে তিনি থানায় মিথ্যা অভিযোগ করেছেন। কুদরতে মাওলা তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়মিত মারধর করেন বলেও অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে স্ত্রীর অভিযোগের সত্যতা পাওয়ার পর গতকাল রামপুরা থানায় নারী নির্যাতনবিরোধী আইনে একটি মামলা হয়। সেই মামলায় কুদরতে মওলাকে বনশ্রী থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, কুদরতে মওলার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কুদরতে মওলার গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর।