স্থলপথে মানব পাচার রোধে জনসচেতনতা সৃষ্টির সভা
স্থলপথে মানব পাচার রোধ ও বিদেশ নিয়ে মুক্তিপণ আদায় বন্ধ করতে বরগুনার পাথরঘাটার চরদুয়ানীতে জনসচেতনতামূলক সভা হয়েছে। পাথরঘাটা থানা-পুলিশ ও স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে গত সোমবার বিকেল পাঁচটার দিকে চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে ওই সভা হয়।
সভায় চরদুয়ানী বাজারের ব্যবসায়ী, জেলে, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মেদ, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম ও চরদুয়ানী কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সুনীল চন্দ্র হালদার।
ওসি এস এম জিয়াউল হক বলেন, মানব পাচারের ঘটনায় থানায় তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তিনজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
প্রধান অতিথি বিজয় বসাক বলেন, মানব পাচার জঘন্যতম অপরাধ। এ অপরাধে জড়িত থাকলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা ন্যূনতম সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। আর একক মানব পাচার হয়ে থাকলে যাবজ্জীবন কারাদণ্ড ন্যূনতম পাঁচ বছরের বিধান রয়েছে। স্থলপথে মানব পাচার রোধে পাথরঘাটায় আরও কয়েকটি জনসচেতনতামূলক সভা করা হবে। যাতে এ এলাকার জনগণ মানব পাচার রোধে সচেতন হয়ে উঠতে পারে। তবে ‘এবার স্থলপথে বিদেশে নিয়ে মুক্তিপণ আদায়’ শিরোনামে গত ৯ ফেব্রুয়ারি প্রথম আলোর শেষের পাতায় প্রকাশিত প্রতিবেদনের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।