স্থানীয় সরকার মন্ত্রীর সাবেক এপিএস গ্রেপ্তার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) সত্যজিৎ মুখার্জিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দুই কোটি টাকার বেশি অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে দুদকের মামলাসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে।
এসব মামলার মধ্যে ১৮টিতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক এক বছরের বেশি সময় ধরে পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার রাত ১১টার দিকে ঢাকার নাখালপাড়া এলাকার একটি বাড়ি থেকে সত্যজিৎ মুখার্জিকে (৪০) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তাঁকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।
সত্যজিৎকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, সত্যজিতের বিরুদ্ধে মামলার ১৮টি চাঁদাবাজির। এসব মামলায় তাঁর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এখন এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে তাঁকে।
২০১৫ সালের ১৬ এপ্রিল সত্যজিৎকে মন্ত্রী খন্দকার মোশাররফের এপিএসের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ওই সময় মোশাররফ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সে সময় সংগঠনবিরোধী কার্যকলাপসহ অন্যান্য অভিযোগে জেলা ছাত্রলীগও তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করে। পরে ১৯ এপ্রিল তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে প্রথম মামলা হয় কোতোয়ালি থানায়। বিভিন্ন সময়ে একই অভিযোগে আরও ১৭টি মামলা হয়। মামলার শুরু থেকেই পলাতক ছিলেন সত্যজিৎ।
সত্যজিতের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ তদন্ত করতে গত বছরের মে মাসে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয় দুদকের উপপরিচালক মিছবাহ উদ্দিনকে। অনুসন্ধান শেষে ওই বছরের ২৯ জুন তিনি ২ কোটি ১৯ লাখ টাকার অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে সত্যজিতের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় মামলা করেন।