স্থানীয় সরকারমন্ত্রীর সাবেক এপিএস সত্যজিৎ হাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) সত্যজিৎ মুখার্জিকে গতকাল বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে দুই কোটি টাকার বেশি অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে দুদকের মামলাসহ ১৯টি মামলা রয়েছে।
১৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সত্যজিৎ মুখার্জি এক বছরের বেশি সময় ধরে পলাতক ছিলেন। গত সোমবার রাতে রাজধানীর নাখালপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গতকাল ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে সত্যজিৎকে সোপর্দ করে কোতোয়ালি থানার পুলিশ। আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মাসুদ আলী তাঁকে চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জজ কোর্টের এপিপি জাহিদ ব্যাপারী বলেন, শহরের আলীপুর মহল্লার ইকবাল হোসেনের করা একটি চাঁদাবাজির মামলায় সত্যজিৎকে গ্রেপ্তার দেখান এই আদালত। কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, আদালতের নির্দেশে দুপুরে সত্যজিৎকে ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।