স্থানীয়দের সঙ্গে ছাত্রলীগের মারামারি, ভাঙচুর, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের পূর্ব নাছিরাবাদ এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের মারামারির ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের তিন নেতা-কর্মীসহ ছয়জন আহত হন। নেতাদের মারধর করার খবর পেয়ে ছাত্রলীগের আরও নেতা-কর্মীরা গিয়ে ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি বাসিন্দাদের মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 


গতকাল সোমবার রাত আড়াইটা থেকে আজ মঙ্গলবার ভোররাত চারটা পর্যন্ত নগরের পূর্ব নাছিরাবাদ শপিং কমপ্লেক্সের পেছনের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ওই সড়কের ওপর মঞ্চ তৈরি করে সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শুরুর আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানস্থলের কিছুটা দূরে নাছিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার ১ নম্বর সড়কে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রদের ছাত্রাবাস। ছাত্রাবাসের কিছু ছাত্রের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের প্রথমে কথা-কাটাকাটি ও পরে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর প্রথম বর্ষের ছাত্ররা ছাত্রলীগের নেতাদের খবর দেন। খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক আইনুল ইসলাম ও সদস্য মেহরাব আহত হন। নাহিদ ও আইনুল এমবিবিএস চতুর্থ বর্ষের এবং মেহরাব প্রথম বর্ষের ছাত্র। নাহিদের ঘাড়ে, পা, হাত ও মাথায় ধারালো অস্ত্রের কোপ লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। আইনুল ও মেহরাব ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনাস্থলে উপস্থিত পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) রিপেন কুমার সাহা বলেন, ছাত্রলীগ নেতা আহত হওয়ার খবর পেয়ে মেডিকেল কলেজের অন্তত শ দুয়েক ছাত্র গিয়ে অনুষ্ঠানমঞ্চ ভাঙচুর করেন। পরে তাঁরা হামলাকারীদের খুঁজতে বিভিন্ন ঘরে ঢুকতে চান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়। কলেজের অধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের ছাত্রাবাসে ফিরে যেতে বলেন।

এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে রতন দাশ, অঞ্জলি দাশ এবং টিটু দাশের নবজাতক মেয়ে আহত হয়। জানালায় পাথর ছুড়লে কাচ ভেঙে নবজাতকটির শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। রতন ও অঞ্জলি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, অনুষ্ঠান মঞ্চ ও মঞ্চের চেয়ার ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া পূজা ও অনুষ্ঠানের আয়োজকদের বাড়িঘরের দরজা-জানালা ভাঙচুর করা হয়েছে। ওখানকার বাসিন্দাদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। কোনো যুবক এখন ঘরে নেই। আহত রতন দাশ বলেন, ‘অনুষ্ঠান হয়েছে রাস্তায়। সেখানে গন্ডগোল লেগেছে। আমরা তখন ঘুমাচ্ছিলাম। কিন্তু মেডিকেলের ছেলেরা এসে কিরিচ দরজায় কোপ দিতে থাকেন। একপর্যায়ে দরজা খুলে দিলে ঘরে ঘরে ঢুকে মারধর করেন।’

এভাবে অন্তত ১০টি ঘরে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। ওখানকার বাসিন্দা বৃদ্ধ সুধীর দাশের ভাষ্য, ‘পুলিশের সামনে দরজায় কোপ দিচ্ছে, লাঠি দিয়ে আঘাত করছে। এ যেন মধ্যযুগীয় তাণ্ডব। জানালার কাচ ভেঙেছে। পরে মন্দিরের মূর্তি ভাঙতে চাইলে পুলিশ ও র‍্যাব বাধা দেয়।’

অভিযোগ সম্পর্কে কলেজ ছাত্রসংসদের সহসভাপতি নাবিদ আনজুম তানভির বলেন, ‘আহত হওয়ার খবর শুনে আমরা ওখানে গিয়েছিলাম। কিন্তু আমরা ঘরে ঢুকিনি। তখন পুলিশ ছিল। ঘরে ঢুকে ভাঙচুরের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’ তাঁর দাবি, ‘ছাত্রাবাস এলাকায় রাতে আমাদের জুনিয়র ছাত্রদের সঙ্গে কিছু বহিরাগত যুবকের ঝামেলা হয়। পরে বিষয়টি আমাদের সিনিয়র কয়েকজনকে জানালে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে ওই যুবকেরা দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।’ এ ঘটনায় মামলা হবে বলে তিনি জানান।

এদিকে বিষয়টি নিয়ে আজ একাডেমিক কাউন্সিলের জরুরি সভা করেছে কলেজ কর্তৃপক্ষ। সভা শেষে অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘আমাদের কয়েকজন ছাত্রকে মারধর করা হয়েছে। তাদের মধ্যে নাহিদের অবস্থা আশঙ্কাজনক। আমরা পুলিশকে বলেছি, দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে।’ তিনি আরও বলেন, ‘সহপাঠী আহত হওয়ার খবর পেয়ে রাতে অন্য ছাত্ররা সেখানে গিয়ে অবস্থান নেয়। তারা কিছুতেই মানছিল না। পরে আমি ও উপাধ্যক্ষ মুজিবুল হক খান রাতে ওখানে গিয়ে তাদের ফিরিয়ে আনি।’