প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড
স্থায়ী নিয়োগ বন্ধ রেখে চলছে অস্থায়ী নিয়োগ
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের অনুমোদিত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৮৫ জন। কিন্তু সেখানে এখন কাজ করছেন প্রায় আড়াই শ জন। এর মধ্যে দেড় শ জন অতিরিক্ত কর্মচারী অস্থায়ীভাবে কাজ করছেন, যাঁদের বেতন স্থায়ী কর্মচারীদের চেয়ে বেশি। এর মধ্যেই আরেক দফায় অস্থায়ী নিয়োগের তৎপরতা শুরু হয়েছে।
প্রবাসীদের কল্যাণের জন্য রাষ্ট্রীয় কোনো টাকা নেই। একজন বিদেশগামী দুই কিংবা আড়াই হাজার টাকা কল্যাণ ফি হিসেবে জমা দেন। সেই টাকার দেখভাল করে কল্যাণ বোর্ড। সেখানকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হয় বিদেশগামীদের কল্যাণের টাকা থেকেই। এ জন্য এখন প্রতি মাসে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা খরচ হয়। এর তিন ভাগের এক ভাগই খরচ হয় অস্থায়ীদের জন্য। বছরে সেটি তিন কোটি টাকা ছাড়িয়ে যায়। অথচ স্থায়ী নিয়োগ দিলে এই খরচ অর্ধেকে নেমে আসত।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে একটি শাখা হিসেবে কল্যাণ তহবিল ছিল। কিন্তু কাজের পরিধি অনেক বেড়ে যাওয়ায় ২০১২ সালে স্বতন্ত্র প্রতিষ্ঠান করা হয়। এরপর নতুন করে জনবল নিয়োগের একটি প্রস্তাব দেওয়া হলেও মন্ত্রণালয় এখনো সেটি অনুমোদন করেনি। কিন্তু অস্থায়ী নিয়োগ চলছেই।
জানতে চাইলে কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মতিয়ুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিএমইটি’র নিবন্ধন, বহির্গমন অনুমতি দেওয়াসহ বোর্ডের অনেক কাজ আছে। অস্থায়ী লোক দিয়েই এগুলো চালাতে হচ্ছে। স্থায়ী জনবলের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেটি অনুমোদন হলে সমস্যা কাটবে।’
স্থায়ী জনবল নিয়োগের অনুমতি কেন দেওয়া হচ্ছে না, জানতে চাইলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বোর্ড যে জনবল চেয়েছে, সেটি অনেক বেশি মনে হচ্ছে।
জানতে চাইলে বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মুহসিন চৌধুরী বলেন, ‘বোর্ডের সেবামূলক কাজের পরিধি অনেক বেড়েছে। ভবিষ্যতে কল্যাণমূলক প্রকল্প আরও বাড়বে। এই বিবেচনায় ওই প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে কল্যাণ বোর্ডের কাজটি শতভাগ অটোমেশন ও করপোরেট আদলে করার নির্দেশনা আছে মন্ত্রণালয় থেকে। সেটি হলে জনবল কমানো সম্ভব হবে। এ জন্য একজন যুগ্ম সচিবের নেতৃত্বে কমিটি কাজ করছে।
তবে স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, দীর্ঘদিনেও জনবল নিয়োগের অনুমোদন না হওয়ায় তাঁদের নিয়োগ-পদোন্নতি আটকে আছে। ফলে সবাই হতাশ। এর মধ্যে ১৯ জন ডাটা এন্ট্রি অপারেটর ১১ বছর ধরে একই পদে চাকরি করছেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হজরত আলী প্রথম আলোকে বলেন, বোর্ডের জনবল নিয়োগের প্রস্তাবটি মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে। চুলচেরা বিচার-বিশ্লেষণ করে এটি অনুমোদন দেওয়া হবে।