স্নাতকে ভর্তিতে বাড়তি টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে নানা অজুহাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফির বাইরেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
এর মধ্যে মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে ভর্তি ফি জমা দিতে গিয়ে ‘শিওর ক্যাশ’ নামে ব্যাংকিং সেবাদাতা একটি প্রতিষ্ঠানের এজেন্টরা ভর্তি-ইচ্ছুক প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০-৩০০ টাকা অতিরিক্ত আদায় করছেন। এ ছাড়া কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিপত্রের বাইরে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে আদায় করছে আরও ২০০ টাকা। সেই হিসাবে কলেজের ২৩টি বিষয়ে ৪ হাজার ৩০০ আসনে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর কাছ থেকে ২০ লাখ টাকার বেশি অর্থ আদায় করা হচ্ছে।
শিওর ক্যাশের আঞ্চলিক ব্যবস্থাপক এ এস এম জাকারিয়া বলেন, ‘এই কলেজের শিক্ষার্থীদের মুঠোফোনে যাবতীয় বেতন ও ফি পরিশোধ করার সেবা দিতে ক্যাম্পাসের কামারগাড়ি এলাকায় শিওর ক্যাশের ১২ জন এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। এসব এজেন্ট কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করতে পারবেন না। কিন্তু তারপরও কেউ কেউ ভর্তি ফরম প্রিন্ট ও ডাউনলোডের কথা বলে অতিরিক্ত অর্থ আদায় করছেন বলে আমাদের কাছেও অভিযোগ এসেছে। ইতিমধ্যে বাবু এন্টারপ্রাইজ এবং রাজীব টেলিকম নামে দুটি এজেন্ট প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাঁদের মুঠোফোনে শিওর ক্যাশ অ্যাকাউন্ট খুললে নিজেরাই এই ফি জমা দিতে পারবেন।’
অন্যদিকে শিওর ক্যাশের পরিচালক (নির্বাহী) শরিফুল আলম বলেন, ‘রোববার থেকে সরকারি আজিজুল হক কলেজের শিওর ক্যাশ পয়েন্টগুলোতে নির্ধারিত ফির তালিকা টানানো হবে। অতিরিক্ত অর্থ আদায় ঠেকাতে শিওর ক্যাশের পর্যবেক্ষক টিম তদারক করবে। এরপরও কেউ অতিরিক্ত ফি আদায় করলে তার সিম বাতিল করা হবে।’
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ২৩টি বিষয়ে ৪ হাজার ৩০০ আসনে ভর্তির জন্য ১৪ নভেম্বর মেধাতালিকা প্রকাশ করা হয়। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২২ নভেম্বরের মধ্যে ভর্তি ফি জমাদানের সময়সীমা বেঁধে দেওয়া হয়। ভর্তি ফি বিজ্ঞান বিভাগে ২ হাজার ৮২৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ২ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। এর বাইরে নিজ নিজ বিভাগে তিনটি পৃথক খাতে ফি বেঁধে দেওয়া হয় আরও ২৫০ টাকা।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ফি জমা দিতে বলা হয় শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। ভর্তি ফি জমাদানের পর অনলাইনে ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি নিজ নিজ বিভাগে জমা দিতে বলা হয়।
গত বৃহস্পতি ও শনিবার সরেজমিনে বিভিন্ন বিভাগে ভর্তি-ইচ্ছুক ২৭ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, শিওর ক্যাশের মাধ্যমে ভর্তি ফি জমাদানের সময় নির্ধারিত ফির বাইরে ১ দশমিক ৩ শতাংশ হারে চার্জ আদায়ের কথা থাকলেও শিওর ক্যাশের এজেন্টরা প্রথম দিন থেকেই শিক্ষার্থীপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা অতিরিক্ত আদায় করছেন।
কলেজ ক্যাম্পাসের শিওর ক্যাশের এজেন্টরা এক জোট হয়ে এই অতিরিক্ত অর্থ আদায় করায় প্রতিবাদ করেও কোনো লাভ হচ্ছে না। অতিরিক্ত টাকা না পেলে কেউ ফি জমা নিচ্ছেন না। বিভিন্ন জেলা থেকে আসা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা নিরুপায় হয়ে অতিরিক্ত অর্থ দিয়েই ভর্তি ফি জমা দেন।
শনিবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস এলাকার কামারগাড়ি কলেজগেট এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানে শিওর ক্যাশের এজেন্ট পয়েন্টগুলোতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। প্রায় সব পয়েন্টেই অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।
এই এলাকায় শিওর ক্যাশের ১২টি এজেন্ট প্রতিষ্ঠান হলো স্টুডেন্ট টেলিকম, বাবু এন্টারপ্রাইজ, শাকিল ফটোস্ট্যাট, রাজীব টেলিকম, মনির টেলিকম, পুরাতন বইঘর, বুশরা কম্পিউটার, স্কাইনেট, এশা ফটোস্ট্যাট, বিসমিল্লাহ কম্পিউটার, বিপ্লব ট্রেডার্স ও আরাফ এন্টারপ্রাইজ।
ব্যবস্থাপনা বিষয়ে ভর্তি ফি জমা দিতে আসা ববি আকতার অভিযোগ করেন, ‘ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি ফি ২ হাজার ৫৭৫ টাকা। এর সঙ্গে শিওর ক্যাশ চার্জ ধরে নেওয়ার কথা ২ হাজার ৬১০ টাকা। অথচ মেসার্স বাবু এন্টারপ্রাইজ নামের শিওর ক্যাশের এজেন্ট নিয়েছেন ৩ হাজার টাকা। অথচ মুঠোফোনের খুদে বার্তায় ২ হাজার ৫৭৫ টাকা জমাদানের কথা উল্লেখ রয়েছে।’ ভূগোল বিভাগে ভর্তি হতে আসা শামিমা আকতার অভিযোগ করেন, ‘একই প্রতিষ্ঠানে ভর্তি ফি জমা দিতে গেলে তাঁর কাছ থেকে আদায় করেছে ৩ হাজার ১০০ টাকা।’
এ ব্যাপারে জানতে চাইলে বাবু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. বাবু বলেন, ‘আমি একা নই; সবাই বেশি নিচ্ছেন। অতিরিক্ত ফি বন্ধ হোক এটা আমিও চাই। সবাই বন্ধ করলে আমিও করব।’
কলেজ প্রশাসনের দাবি, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি ফিসহ শিক্ষার্থীদের কাছ থেকে যাবতীয় ফি আদায়ে বিসিবি (বাংলাদেশ কমার্স ব্যাংক লি.) শিওর ক্যাশ এডুকেশন পেমেন্ট পদ্ধতি চালু করতে ২০১৪ সালের ৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়, ২০১৫ সালের ৩০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক আলাদাভাবে পরিপত্র জারি করে। তাই এবার থেকে অনার্সে ভর্তি ফি আদায়ে মোবাইল ব্যাংকিং পদ্ধতি চালু করা হয়।
আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) শিরিনা এনাম বলেন, মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে ভর্তি ফি জমাদানের সময় শিক্ষার্থীদের কাছ থেকে শিওর ক্যাশের এজেন্টরা অতিরিক্ত অর্থ আদায় করছেন এমনটা এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।